, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহী গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যায়।
রোববার সন্ধ্যায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের বসন্তপুর তিলিবাড়ী গ্রামে নর্থ বেঙ্গল এগ্রো ফার্মের সামনে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
রাজশাহী জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার মামুন অর রশিদের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে। এ সময় ইসমাইল হোসেন ও ইসাহাক আলীকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইসমাইল হোসেন ও ইসাহাক আলী রাজশাহীর গোদাগাড়ী থানার ইটাহারী গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের সহযোগী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা এলাকার মোঃ রুবেল হোসেন (২৩) ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন ও পলাতক আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।