সর্বশেষ সংবাদ :

নিজস্ব সংস্কৃতিকে ধরে রাখতে সাংস্কৃতিক চর্চা জরুরি: আরডিএ চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) শাপলা কালচারাল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি। প্রধান আলোচক ছিলেন এমপি অ্যাডভোকেট মো. শাফিকুল হক মিলন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. মোহসিন আলী।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, বিগত কয়েক বছরে বাংলাদেশের মানুষের মনস্তাত্ত্বিক অবক্ষয় ঘটেছে। আমরা অনেকেই নিজেদের কৃষ্টি-কালচার ও ঐতিহ্য ভুলে গিয়ে বিদেশি সংস্কৃতি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। এতে নিজেদের স্বকীয়তা হারানোর ঝুঁকি তৈরি হচ্ছে।
তিনি বলেন, “আমরা বাংলাদেশি, আমাদের নিজস্ব একটি কালচার আছে, কৃষ্টি-কালচার আছে। এই ভুলে যাওয়া থেকে আমাদের ফিরে নিয়ে আসার জন্য এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করতে এবং নতুন প্রজন্মের মধ্যে তা ছড়িয়ে দিতে সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ শিশু-কিশোরদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল চর্চাকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। উৎসবের অংশ হিসেবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে শাপলা কালচারাল স্কুল। এতে সহযোগিতা করে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থা।


প্রকাশিত: October 11, 2026 | সময়: 6:51 am | সুমন শেখ

আরও খবর