সর্বশেষ সংবাদ :

রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের ১২তম কংগ্রেস

স্টাফ রিপোর্টার: “অধিকার আদায়ের জন্য চাই সকল জনজাতির বৃহত্তর ঐক্য”—এই স্লোগানকে সামনে রেখে শনিবার রক্ষাগোলা সমন্বয় কমিটির আয়োজনে রক্ষাগোলা গ্রাম এবং সিসিবিভিও, রাজশাহী ও ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড জার্মানির সহায়তায় “রক্ষাগোলা গ্রামভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি”-এর আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের প্রায় একহাজার নেতৃত্ব, প্রতিনিধি অংশ নেন। গোদাগাড়ী উপজেলার কাকনহাট পৌরসভা অডিটোরিয়ামে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কংগ্রেস ১ম পর্বে অতিথি বরণ, বর্ণাঢ্য র‌্যালি এবং জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও রক্ষাগোলা সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কংগ্রেসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এর পর রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে অতিথিদের আলোচনা সভা শুরু হয়। কংগ্রেস সভার শুভ উদ্বোধন করেন সিসিবিভিও’র সভাপতি প্রফেসর মোঃ আব্দুস সালাম। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড প্রবাসী রক্ষাগোলা সংগঠনের শুভাকাঙ্খী আব্দুল মান্নান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রক্ষাগোলা মডেলের গবেষক ও সিসিবিভিও’র নির্বাহী প্রধান বীর মুক্তিযোদ্ধা সারওয়ার-ই-কামাল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, রক্ষাগোলা সমন্বয় কমিটি এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনের মাধ্যমে জনজাতীর জনগণের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক ঐক্য ও সংহতি বৃদ্ধি, খাদ্য ও জীবিকা নিরাপত্তা, সরকারি সেবায় অধিকার এবং নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের অংশগ্রহণের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। পরে রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের পুরোনো কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেন।
২য় পর্বে রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনেসমূহের ৭৩০জন প্রতিনিধি নিয়ে কংগ্রেস সভা শুরু হয়। কংগ্রেস সভায় সহায়তা করেন রক্ষাগোলা সমন্বয় কমিটির সদস্য সচিব ও সিসিবিভিও’র সমন্বয়কারী আরিফ ইথার এবং ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা সৌমিক ডুমরীর সঞ্চালনায় রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহের নীতিমালা উপস্থাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধন নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এছাড়াও সংগঠনসমূহের বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মেলা আয়োজনের বিষয়ে মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে সিসিবিভিও’র পক্ষে উপস্থিত ছিলেন সহ-সমন্বয়কারী মোঃ শাহাবুদ্দিন, ঊর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা যোসেফ হাঁসদা, রুমা লাভলী মূর্মূ ও পৌল টুডুসহ সকল সমাজ সংগঠক।
কংগ্রেসে অংশগ্রহণকারী নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা রক্ষাগোলা গ্রাম সমাজ সংগঠনসমূহকে আরও শক্তিশালী, অংশগ্রহণমূলক ও কার্যকর করার পাশাপাশি অধিকার আদায়, সামাজিক ঐক্য, খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রকাশিত: October 11, 2026 | সময়: 6:45 am | সুমন শেখ