, , ।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় সেনাবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হাটহাজারীর সেনা প্রশিক্ষণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের একজন রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের বৃন্দারামপুরের আসাদুর হক আসাদের ছেলে সৈনিক গানার রিফাত (নং-১০০৮২০১)। গতকাল বুধবার দুপুরের দিকে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তিন ভাই ও এক বোনের মধ্যে রিফায়াত ছিলেন মেজো সন্তান। স্বজনরা জানান, প্রায় ১০ বছর ধরে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি ‘জুঁই’ নামের প্রায় আড়াই বছর বয়সী এক কন্যাসন্তান রেখে গেছেন। পরিবার সূত্রে আরও জানা গেছে, গতকাল রাত ৯টায় চট্টগ্রাম সেনানিবাসে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তার মরদেহ ঢাকায় নেওয়া হবে। আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে আজ সকাল ৯টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছানোর কথা রয়েছে।
নিহত আরেকজন হলেন নোয়াখালি জেলার সৈনিক অপারেটর সিদ্দিক (নং-১০০৮০৯৬)। আহত হন ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিন (বিএ-১০৫৮৫) ও সৈনিক জোবায়ের (ড্রাইভার)। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ক্যাপ্টেন মির্জা মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় নেওয়া হচ্ছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিকভাবে এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য নিহত এবং একজন কর্মকর্তা গুরুতর আহত হন। আহত কর্মকর্তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ), ঢাকায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।