সর্বশেষ সংবাদ :

সানশাইনে সংবাদ প্রকাশের পর : আত্রাইয়ে সেই অসহায় ও অসুস্থ আনোয়ারের পাশে দাঁড়ালেন উপজেলা প্রশাসন

আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে জরাজীর্ণ ও ভাঙাচোরা ঘরে ধসের আতঙ্ক নিয়ে মানবেতর দিনযাপন করা হৃদরোগ ও চোখের জটিল সমস্যায় আক্রান্ত অসহায় আনোয়ার শেখ (৫৫) এর পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।
গত রোববার ২ আগস্ট জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সানশাইন’-এ ‘আত্রাইয়ে জরাজীর্ণ ঘরে ধসের আতঙ্ক: পরিবার নিয়ে বাঁচতে চান হৃদরোগে আক্রান্ত আনোয়ার’ শিরোনামে একটি সচিত্র মানবিক সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর পরই বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টিগোচর হয়।
সংবাদটি নজরে আসার পর মঙ্গলবার ৪ আগস্ট দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মো. আনোয়ার শেখের হাতে ঘর নির্মাণের জন্য ২ বান্ডিল ঢেউটিন, ৬০০০ টাকার চেক ও খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।
এর আগে আত্রাই উপজেলার খনজোর গ্রামের মৃত মোবারক শেখের ছেলে আনোয়ার শেখ পরিবার নিয়ে চরম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছিলেন। মাত্র ১ শতক বসতভিটার ওপর বাঁশ আর দড়ি দিয়ে বেঁধে রাখা জরাজীর্ণ ঘরটি সামান্য ঝড়-বৃষ্টিতেই ভেঙে পড়ার ঝুঁকিতে ছিল। একদিকে জটিল রোগ, অন্যদিকে জীবনরক্ষাকারী ওষুধ কেনার সামর্থ্য না থাকায় মাথা গোঁজার একমাত্র ঠাঁইটি মেরামতের কোনো উপায় ছিল না তাঁর।
সরকারি সহায়তার ঢেউটিন ও খাবার পেয়ে আবেগপ্লুত হয়ে আনোয়ার শেখ বলেন, ‘দৈনিক সানশাইন পত্রিকায় আমার কষ্টের খবর ছাপা হওয়ার পর ইউএনও স্যার আমাকে ডেকে ২ বান্ডিল ঢেউটিন, ৬০০০ টাকা ও খাবার সাহায্য দিয়েছেন। এবার অন্তত পরিবার নিয়ে রাতে শান্তিতে ঘুমাতে পারব। পত্রিকা কর্তৃপক্ষ, সাংবাদিক ভাই, ও ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান বলেন, ‘দৈনিক সানশাইন’ পত্রিকায় প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা আনোয়ার শেখের অসহায়ত্ব ও জরাজীর্ণ ঘরের চরম ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি জানতে পারি। একটি পরিবারের এমন মানবেতর জীবনযাপন অত্যন্ত বেদনাদায়ক।
সংবাদটি দেখে তাৎক্ষণিকভাবে সরকারি সহায়তা নিশ্চিত করার উদ্যোগ নিই। প্রাথমিক পর্যায়ে তাঁকে ঘর নির্মাণের জন্য ঢেউটিন, ৬০০০ টাকার চেক ও খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাঁর স্থায়ী নিরাপদ আশ্রয়ের জন্য দুর্যোগ সহনীয় ঘর প্রকল্পের আওতায় ব্যবস্থা নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এসময় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, অফিস সহকারী মো. ইসমাইল হোসেন।
উপজেলা প্রশাসনের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে অসহায় আনোয়ারের পরিবারে। স্থানীয় সচেতন মহল বস্তুনিষ্ঠ ও মানবিক প্রতিবেদন প্রকাশের জন্য দৈনিক সানশাইন পত্রিকা কর্তৃপক্ষ, স্থানীয় প্রতিনিধি ও উপজেলা প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।


প্রকাশিত: August 7, 2026 | সময়: 4:32 am | সুমন শেখ