, , ।
স্টাফ রিপোর্টার: নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের গঠনতন্ত্রের ৬২ নং ধারা অনুযায়ী এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। একই সাথে তাকে সংসদ সদস্য পদ থেকে অব্যাহতির বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করার সিদ্ধান্তও নিয়েছে দলটি।
বুধবার বিকাল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান এমপি। এতে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জনাব গাজী নজরুল ইসলামকে নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে দলের পক্ষ থেকে সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করা হয়।
তদন্তে তার বিরুদ্ধে আনা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠনের ভাবমূর্তি ও শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং গঠনতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
সাতক্ষীরা-৪ আসনটি জামায়াতের ঐতিহ্যবাহী শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। গাজী নজরুল ইসলাম সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিজয়ী হন। তার বহিষ্কারের ফলে আসনটিতে দলের সাংগঠনিক কাঠামো ও আগামী নির্বাচনী সমীকরণে প্রভাব পড়বে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
এদিকে জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে “সময়োপযোগী ও সাহসী” বলে অভিহিত করা হয়েছে। তারা বলছেন, এতে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।
দলের প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গঠনতন্ত্র অনুযায়ী কোনো সংসদ সদস্য দল থেকে বহিষ্কৃত হলে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো বাধ্যতামূলক। সে অনুযায়ী ইসিকে চিঠি দিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হবে বলে সূত্র জানিয়েছে।