নানা-নানির বাড়িতে আর ফিরবে না শিশু সাদিকুল

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার কয়ামাজমপুর গ্রামে। মায়ের সাথে নানা-নানির বাড়িতে বেড়াতে এসেছিলো ৩ বছর বয়সী শিশু সাদিকুল ইসলাম। নানা-নানির বাড়ি থেকে দাদা-দাদির বাড়ি ফেরার পথে ইটবাহী দ্রুতগতির ট্রলিচাপায় পিষ্ট হয়ে শিশু সাদিকুল ইসলাম ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোববার সকাল ৯ টার দিকে মর্মান্তিক ও হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটেছে কয়ামাজমপুর গ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া পাকা রাস্তায়। চোখের সামনে শিশুপুত্রকে ইটবাহী ট্রলির চাকায় পিষ্ট হতে দেখে সাদিকুলের মা শারমিন খাতুন জ্ঞান হারিয়ে ফেলেন।
নিহত শিশু সাদিকুল ইসলাম বাগমারার তাহেরপুর পৌর এলাকার হরিতলা মহল্লার খুরশেদ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয়রা জানান, কয়ামাজমপুর পশ্চিমপাড়ার মৃত শামসুর রহমানের মেয়ে শারমিন খাতুন একমাত্র শিশুপুত্র সাদিকুলকে সাথে নিয়ে কদিন আগেই বাবার বাড়ি (শিশু সাদিকুলের নানা) এসেছিলো। বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি তাহেরপুর পৌর এলাকার হরিতলা মহল্লায় ফেরার উদ্দেশ্যে বাবার বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে শিশুপুত্র সাদিকুলকে নিয়ে দাঁড়িয়ে ছিল। এ সময় তাহেরপুরের দিক থেকে আসা দ্রুতগামী ইটবাহী ট্রলি শিশু সাদিকুলকে চাপা দিলে ঘটনাস্থলেই সাদিকুলের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এসে ঘাতক ট্রলি আটক করে এবং ট্রলি চালককে ধরে মারধর করে। এতে চালকও আহত হন। পরে তাকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত গ্রামবাসীকে শান্ত করে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, করবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয় লোকজনদের সাথে কথা বলে ঘাতক ট্রলি জব্দ করে থানায় নেয়া হয়েছে। ট্রলি চালককেও পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। শিশু সাদিকুল ইসলামের আকস্মিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


প্রকাশিত: জুন ৮, ২০২৬ | সময়: ৪:৫১ পূর্বাহ্ণ | সুমন শেখ