বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোবিপ্রবি প্রতিনিধি:
বাঙালির চিরায়ত ঐতিহ্যের প্রতীক লুঙ্গিকে বিশ্ব দরবারে এবং নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ‘লুঙ্গি মিছিল’।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বর থেকে ‘লুঙ্গি আমার অধিকার, কেড়ে নেওয়ার সাধ্য কার’—এমন স্লোগানে মিছিলটি শুরু হয়।
পহেলা বৈশাখের রাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা লুঙ্গি পরিহিত অবস্থায় স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে যোগ দেন। রাতের ক্যাম্পাসে শিক্ষার্থীদের এই বর্ণিল ও হাস্যোজ্জ্বল উপস্থিতি এক অভূতপূর্ব উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বিদেশি সংস্কৃতির ভিড়ে দেশীয় পোশাকের মর্যাদা রক্ষায় শিক্ষার্থীদের এই সৃজনশীল প্রতিবাদ ও উদ্যাপন সবার নজর কেড়েছে।
মিছিলটির অন্যতম আয়োজক ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরাফাত আলম বলেন, “লুঙ্গি বাঙালির প্রাচীন সংস্কৃতির অংশ। সময়ের সঙ্গে বিদেশি সাংস্কৃতিক প্রভাবে আমাদের নিজস্ব ঐতিহ্যগুলো আড়াল হয়ে যাচ্ছে। আমরা আমাদের শেকড়কে নতুন প্রজন্মের সামনে গর্বের সাথে তুলে ধরতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছি।”
মিছিলে অংশগ্রহণকারী সাধারণ শিক্ষার্থীরা জানান, লুঙ্গি কেবল একটি পোশাক নয়, এটি বাঙালির আরামদায়ক ও পরিচিত এক সত্তা। এমন আয়োজনের মাধ্যমে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা ও সচেতনতা আরও বাড়বে বলে তারা বিশ্বাস করেন।
মোসাদ্দেক /শামি