জোড়া শিকারে ফের ঝলক দেখালেন রিশাদ

স্পোর্টস ডেস্ক: বিগ ব্যাশ লিগে বল হাতে ধারাবাহিকভাবে নজর কাড়ছেন রিশাদ হোসেন। ব্রিসবেন হিটের বিপক্ষেও নিজের কার্যকারিতা ধরে রাখলেন বাংলাদেশের এই লেগ স্পিনার। ৪ ওভারে ২৭ রান দিয়ে ২টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে বড় সংগ্রহের পথে যেতে দেননি তিনি। রিশাদের স্পেলসহ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ১৬০ রানেই থেমেছে ব্রিসবেন হিট।
রিশাদের প্রথম শিকার ছিলেন সেট হয়ে ওঠা ম্যাট রেনশ। ২৫ বলে ৩৭ রান করা এই ব্যাটার রিশাদের বলে ব্যাকফুটে শট খেলতে গিয়ে এক্সট্রা কাভারে ক্যাচ তুলে দেন বেন ম্যাকডারমটের হাতে। নিজের শেষ ওভারে আরেকটি বড় উইকেট এনে দেন রিশাদ। মার্নাস লাবুশেনকে পুল করতে গিয়ে লং অনে ধরা পড়েন তিনি।
লাবুশেনের সংগ্রহ ছিল ৬ বলে ৫ রান। ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হোবার্ট হারিকেন্স, আর ব্রিসবেন হিটকে ব্যাট করতে পাঠায়। তবে শুরুটা ভালো হয়নি হিটের। ওপেনিং জুটিতে ১৮ রানের বেশি যোগ করতে পারেনি তারা। ৬ রান করে ফিরেছেন জ্যাক ওয়াইল্ডারমুথ। আরেক ওপেনার উসমান খাজা ১৮ বলে ১৯ রান করে আউট হন।
মাঝে কিছুটা লড়াই গড়ার চেষ্টা করেন ন্যাথান ম্যাকসুয়েনি। ইনিংস সর্বোচ্চ ৪৯ রান করেন তিনি। ম্যাক্স ব্রায়ান্ট করেন ২১ রান। তবে নিচের দিকে আর কেউ ইনিংস বড় করতে না পারায় মাঝারি সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ব্রিসবেন হিটকে। হোবার্ট হারিকেন্সের বোলিং আক্রমণে রিশাদের পাশাপাশি সবচেয়ে সফল ছিলেন রাইলি মেরিডিথ, তিনি নেন ৩ উইকেট। ন্যাথান এলিস শিকার করেন ২টি উইকেট। আর একটি উইকেট পান বিউ ওয়েবস্টার।


প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬ | সময়: ১:২৮ পূর্বাহ্ণ | সুমন শেখ