বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আরিফুল ইসলাম তপু, বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে উপজেলা যুব উন্নয়ন দপ্তরের কার্যক্রম। অফিস ভবনের ছাদের পলেস্তারা খসে পড়া ও পানি চুঁইয়ে পড়ায় কর্মকর্তা-কর্মচারীসহ সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
গত ২ জুলাই স্টাফ কক্ষে ছাদের একটি বড় অংশ খসে পড়লেও অল্পের জন্য দুর্ঘটনা এড়ানো যায়। ভবনের আরেক কক্ষে ফ্যান খসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সবুর জানান, ভবনের বেহাল অবস্থায় গুরুত্বপূর্ণ নথি ও আসবাবপত্র নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে। ক্যাশিয়ার আমিরুল ইসলামসহ কর্মচারীরা বলেন,দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
জানা যায়, ১৯৮৪ সালে নির্মিত এ কোর্ট ভবনটি ২০০৫ সাল থেকে যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিসের কাজে ব্যবহৃত হচ্ছে। গত অর্থবছরে ভবনের তিন পাশ সংস্কার হলেও একটি অংশ অরক্ষিত থেকে গেছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন বলেন, অফিসটির বর্তমান অবস্থা সরেজমিনে দেখা হয়েছে। শিগগিরই ছাদ সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে।