বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, নিয়ামতপুর: নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কাঁচা দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার ৮ মে রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলেন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের হরিপুর গ্রামের ওহির উদ্দিন পাইকের ছেলে আজাহার আলী (৫৫), বাহাদুরপুর ইউনিয়নের বরিয়া গ্রামের ইউনুস আলীর ছেলে ও ওয়ার্ড যুবলীগের প্রচার সম্পাদক এনামুল হক (৩৫) ও রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে টিপু সুলতান (৫০)।
জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়ে ওই এলাকার বাসিন্দারা। ককটেল বিস্ফোরণের পর থেকে নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন।
ঐ এলাকার তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম, আসলামুল বলেন, কীভাবে ককটেল সদৃশ ৪-৫টি বস্তুর বিস্ফোরণ ঘটল, তা নিয়ে আতঙ্কিত তারা। এতে টিনের চালা উড়ে গেছে। কে বা কারা ককটেল নিয়ে এসেছে তা নিয়ে তৈরি হয়েছে ধূম্রজাল। তবে অনেকে বলছেন ধান কাটার শ্রমিকেরা ওই বাড়িতে থাকতেন। তাদের মাধ্যমেও আসতে পারে অথবা বড় ধরনের নাশকতার পরিকল্পনা থেকে ককটেল মজুত করেছিল বলেও ধারনা করছে।
ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুরের সার্কেল অফিসার জাকির হোসেন ও নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, বিষয়টি নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় ১৮ জনকে নামধারী আসামী ও আরো কিছু অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করা হয়।