সর্বশেষ সংবাদ :

ফসলি জমির টপসয়েল কাটায় পুঠিয়ায় প্রশাসনের অভিযান

স্টাফ রিপোর্টার, পুঠিয়া: রাজশাহীর পুঠিয়া উপজেলার সেনবাগ এলাকায় অবৈধভাবে ফসলি জমির মূল্যবান টপসয়েল কাটার অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার গভীর রাতে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, একটি এস্কেভেটর মেশিন দিয়ে গভীর রাতে টপসয়েল কাটা হচ্ছিল। টিমের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি। যেহেতু ঘটনাস্থল ছিল প্রত্যন্ত বিল এলাকায় এবং গভীর রাতে পরিবহনের সুযোগ না থাকায় এস্কেভেটরটি সেখানেই অকেজো করে ফেলা হয়।
উপজেলা প্রশাসন জানায়, ফসলি জমির টপসয়েল কাটা কৃষি উৎপাদনের জন্য মারাত্মক হুমকি। এতে জমির উর্বরতা নষ্ট হয় এবং ভবিষ্যতে ওই জমি চাষের অনুপযোগী হয়ে পড়ে।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ‘ফসলি জমির টপসয়েল কাটা সম্পূর্ণ বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’
স্থানীয় কৃষক ও সাধারণ মানুষ উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত নজরদারি অব্যাহত রাখার দাবি জানান।


প্রকাশিত: January 11, 2026 | সময়: 1:40 am | সুমন শেখ