, , ।
সানশাইন ডেস্ক: চার মাস পরে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই তথ্য নিশ্চিত করেছেন শুক্রবার।
তিনি বলেন, “ইনশা আল্লাহ, ম্যাডাম আগামী ৫ তারিখ সকালে দেশে ফিরছেন। আমরা যতদূর জানি, সাথে উনার দুই বউমা (তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শামিলা রহমান) আসার কথা রয়েছে।”
জোবাইদা রহমান ২০০৭ সালে স্বামী তারেকের সঙ্গে মেয়ে জাইমাকে নিয়ে লন্ডনে যান। এরপর আর তার দেশে ফেরা হয়নি। আর সৈয়দা শামিলা রহমান বেশ কয়েকবার দেশে এসেছেন। সর্বশেষ তার মায়ের অসুস্থতায় দেশে ফিরেছিলেন। পরে ২৯ এপ্রিল তিনি লন্ডনে ফিরে যান। উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান খালেদা জিয়া।
সেখানে পৌঁছেই লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। টানা ১৭ দিন লন্ডন ক্লিনিকে বিশেষজ্ঞ চিকিৎসক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। পরে ২৫ জানুয়ারি থেকে খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। অর্ধযুগের বেশি সময় পরে এবারই পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, “আলহামদুলিল্লাহ আগের চাইতে উনি ডেফিনেটলি ভালো।”
কীভাবে দেশে ফিরছেন জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা উনাকে লন্ডনে নেয়ার জন্য পেয়েছিলাম, সেটা এখন একটু বিলম্বিত হচ্ছেৃটেকনিক্যাল রিজিয়নস। সেজন্য ম্যাডাম ঠিক করেছেন, ওইটা (এয়ার অ্যাম্বুলেন্স) যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন।
“বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে। ৪ তারিখ (৪ এপ্রিল) উনি রওনা হলে ইনশা আল্লাহ ৫ তারিখ দেশে সকাল ১১টার দিকে এসে পৌঁছাবেন।” গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসা ‘ফিরোজা’কে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, “ম্যাডামে বাসভবন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।” খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার বলেছেন, “সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়া দেশে ফিরছেন, এ সংক্রান্ত সব প্রস্তুতির কাজ আমরা করছি। ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থায় সব কিছু জানানো হয়েছে।”
লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দেন। বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিয়েছে বলে জানা গেছে।
২০১৮ সালে বিএনপির চেয়ারপারসন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তার চারটি ঈদে কেটেছে কারাগারে ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান। এরপর দুর্নীতির যে দুটি মামলায় তিনি কারাবন্দী হয়েছিলেন, সেগুলোর রায় বাতিল করে আদালত।