বাঘায় ক্ষুদে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনায় শিক্ষা উপকরণ বিতরণ

নুরুজ্জামান, বাঘা:

আগামী দুই ডিসেম্বর থেকে দেশব্যাপী অনুষ্ঠিত হবে প্রাথমিক পর্যায় ক্ষুদে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। এরপর অনুষ্ঠিত হবে প্রাথমিক (৫ম শ্রেণী) শিক্ষার্থীদের সমাপনী পি.এস.সি পরীক্ষা। এ উপলক্ষে বিদ্যালয় পরিচালনা পরিষদ থেকে পি.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বাঘা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শিক্ষা উপকরণ।

 

সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবিল উদ্দীনের সঞ্চালনা ও স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো: আব্দুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না।’ তিনি শিক্ষার মান উন্নয়ন এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সকল শিক্ষার্থীকে ভালো ভাবে পড়ালেখার অনুপ্রেরণা যোগান এবং বড় হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো: আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা বেগম, বিশিষ্ট সমাজ সেবক তরিকুল ইসলাম মানিক, দাতা সদস্য সুলতান আহম্মেদ, সাংবাদিক লালন উদ্দীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহাগ রানা, ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থী মন আহম্মেদ ও ইবা খাতুন-সহ চতুর্থ শ্রেনীর কয়েকজন শিক্ষার্থী। এ সময় বক্তারা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের মাধ্যমে বিদ্যালয়ের বিগত বছর গুলোর ফলাফল ও স্কুল অবকাঠামো উন্নয়ন এর কথা শুনে মুগ্ধ হন এবং সকল শিক্ষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪ সালে ৬১ জন শিক্ষার্থী এই বিদ্যালয় থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ গ্রহন করবেন। সব শেষে সকল বিদায়ী শিক্ষার্থীদের মাঝে সমাজ সেবক তরিকুল ইসলাম মানিকের পক্ষ থেকে পরীক্ষা সংক্রান্ত শিক্ষা উপহরণ সামগ্রী বিতরণ করা হয়। এতে আবেগ আপ্লুত হন বিদায়ী ক্ষুদে শিক্ষার্থীরা।


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪ | সময়: ৯:০০ অপরাহ্ণ | Daily Sunshine