বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, বাগমারাঃ রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডল (৫৬) ও গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর সরকারকে (৪৩) আটক করেছে পুলিশ। আবদুল মালেক মণ্ডল উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য এনামুল হকের ফুফাত ভাই এবং আলমগীর সরকার গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। গতকাল মঙ্গলবার তাঁদের আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে হাঙ্গামা, গুলি করা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ রয়েছে। এছাড়াও সাবেক মেয়রের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের তদন্ত করছে দুদক।
জেলা ও বাগমারা পুলিশ সূত্রে জানা গেছে, গোয়েন্দা পুলিশের একটি দল রামরামার নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারকে আটক করে। তাঁর বিরুদ্ধে গত ২৮ আগস্ট গোয়ালকান্দি ইউনিয়নের রামরামা গ্রামের যুবদল কর্মী শিমুল খাঁ বাদী হয়ে মারপিট, আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও হাঙ্গামার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলামসহ ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জনকে আসামি করা হয়। হুমুক দেওয়ার অভিযোগে ওই মামলায় তিন নম্বর আসামি করা হয় আলমগীর সরকারকে। তিনি সদ্য সাবেক সংসদ আবুল কালাম আজাদের অনুসারী।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রাজশাহীর রেলগেট এলাকা থেকে কৌশলে ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেককে আটক করে। তাঁর বিরুদ্ধে লোকজনের জমি দখল, নিয়োগ বাণিজ্য, সরকারি অর্থ আত্নসাত, পৌর ভবন নির্মাণে নিজেই মেয়র হয়ে নিজেই ঠিকাদারী নিয়ে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে ব্যাপক অর্থ আত্মসাত ও চাঁদাবাজিসহ দাঙ্গা হাঙ্গামার অভিযোগ রয়েছে। তাঁর ভাই সাবেক সংসদ সদস্য এনামুল হকের দাপটে এলাকায় বিভিন্ন অনিয়ম ও চাঁদাবাজি করতেন। গত নয় বছর ধরে তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন। তবে কিছুদিন আগে অনিয়মের অভিযোগে স্থানীয় সরকার বিভাগ তাঁকে মেয়রের পদ থেকে অপসারণ করে।
মুঠোফোনে বাগমারা থানার ওসির সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় কথা বলা সম্ভব হয়নি। তবে থানার কর্তব্যরত কর্মকর্তা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রন্জু আহম্মেদ জানান, একটি মামলায় গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। তবে পৌরসভার মেয়র আবদুল মালেক মণ্ডলকে জেলা গোয়েন্দা পুলিশ আটক করেছে বলে নিশ্চিত করেন তিনি।