সর্বশেষ সংবাদ :

১৪৯ বছরের টেস্ট ইতিহাসে প্রথম, মুল্ডারের কীর্তিতে জড়ালো বাংলাদেশের নাম

স্পোর্টস ডেস্ক: টেস্ট ক্রিকেটের ১৪৯ বছরের ইতিহাসে বিরল এক কীর্তি গড়লেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার উইয়ান মুল্ডার। ব্যাট হাতে সেঞ্চুরি, বল হাতে সাত উইকেট-একই টেস্টে এমন কীর্তি গড়া পঞ্চম ক্রিকেটার তিনি। তবে মুল্ডারের কীর্তি আরও বিশেষ।
টেস্টে ট্রিপল সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়া ইতিহাসের প্রথম ক্রিকেটারও এখন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে অপরাজিত ৩৬৭ রান করেছিলেন মুল্ডার। বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাট হাতে ১৭৮ বলে ১০০ রান করেন মুল্ডার। এরপর বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে মাত্র ৩১ রানে নেন ৭ উইকেট। তার দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে ইনিংস ও ২১৯ রানের বিশাল জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজও ২-০ ব্যবধানে জিতেছে স্বাগতিকেরা।
একই টেস্টে সেঞ্চুরি ও সাত উইকেট নেওয়া পঞ্চম ক্রিকেটার হলেও ১৯৮০ সালে ইংল্যান্ডের ইয়ান বোথামের পর প্রথম পেসার হিসেবে এই কীর্তি গড়লেন মুল্ডার। অর্থাৎ এক টেস্টেই অনেকগুলো কীর্তিতে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ২৮ বছর বয়সী অলরাউন্ডার।


প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬ | সময়: ৬:৩৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর