, , ।
ইমাম হোসেন, সানশাইন:
রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ ডিগ্রি কলেজে আকস্মিক পরিদর্শনে গিয়ে শ্রেণিকক্ষে মাত্র একজন শিক্ষার্থীর উপস্থিতি পেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২ টার দিকে উপজেলার বিড়ালদহ ডিগ্রি কলেজ আকস্মিক পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী।
পরিদর্শনকালে তিনি শ্রেণীকক্ষ ঘুরে ঘুরে দেখেন। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের এমন কম উপস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় উপস্থিত শিক্ষকদের কাছে শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণ জানতে চান তিনি। তবে শিক্ষার্থীদের উপস্থিতি এত কম হওয়ার বিষয়ে শিক্ষকরা সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী পরিদর্শনকালে এ সময় একজন শিক্ষার্থী পেয়ে নারী শিক্ষকের কাছে জানতে চান, ‘স্টুডেন্ট কোথায়? আমার ছাত্র কই?’ জবাবে শিক্ষক বলেন, ‘ক্লাসে একজন ছাত্রী আছে। ফোন না করলেও বাহিরে ঘুরছে।
মন্ত্রী এর কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়েরা পড়ে এখানে, মোট ১৫ জন স্টুডেন্ট। এ সময় মন্ত্রী প্রশ্ন করেন, ‘মেয়েরা আসে না? জবাবে শিক্ষক বলেন, ‘না, আসে না। আজকে মাত্র একজন আসছে।একজন ছাত্রী নিয়ে ক্লাস করা প্রসঙ্গে আরেক শিক্ষক বলেন, ‘ওদের ক্লাসে অনেকেই এখনো ঢোকেনি। আমি নিয়ম মতো এই সময়ে ঢুকছি।
পরে শিক্ষামন্ত্রী জানতে চান, ‘কয়টার সময় ক্লাস হয়? এখন তো কোনো ক্লাসেই কাউকে দেখছি না!’ জবাবে তিনি বলেন, ‘সাড়ে ১১টায় ক্লাস আছে। স্যারেরা ঢুকছেন, শিক্ষার্থীরা হয়তো বাইরে বাইরে থাকে। শিক্ষক বলেন, ‘শিক্ষার্থীদের ক্লাসে আসতে খুব অনীহা। তাদের ক্লাসে আনা যায় না। ফোন করে আনতে হয়।
শিক্ষকের এসব জবাবে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তিনি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের দায়িত্ব পালনের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার তাগিদ দেন।
পরিদর্শন শেষে মন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম বজায় রাখা এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দীন আল মাহমুদ সোহেল। তবে অভিভাবকরা শিক্ষামন্ত্রীর এমন আকস্মিক সফরের বিষয়টি দারুন ভাবে নিয়েছেন, পাশাপাশি প্রশংসা করছেন শিক্ষামন্ত্রীর। মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শন ঘিরে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।
ইমাম / শাহজাদা