সর্বশেষ সংবাদ :

মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন রিয়াসুল

স্টাফ রিপোর্টার: মানুষের শেষ আশ্রয়ের ব্যবস্থা করতে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল। তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামের মানুষের দাফনের সংকট দূর করতে ২২ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গোরস্থানের জন্য দান করেছেন তিনি।
রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা ওহিদুল ইসলাম রিয়াসুলের এ উদ্যোগে উপকৃত হবেন চন্দনকোঠাসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় নির্দিষ্ট গোরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বজনদের নিজ নিজ বসতভিটায় দাফন করতে হতো। এতে পরিবারগুলোকে নানা অসুবিধার মুখে পড়তে হতো। বিশেষ করে মৃত্যুর পর দাফনের জায়গা নিয়ে অনেক সময় সংকট তৈরি হতো। এমন পরিস্থিতিতে গোরস্থানের জন্য জমি দানের উদ্যোগ এলাকাবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে আশার আলো দেখিয়েছে।
৩৪ কাঠা জমি গোরস্থানের জন্য দান করায় স্থানীয়রা জমিদানকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁদের মতে, এমন উদ্যোগ শুধু একটি এলাকার মানুষের দাফনের সংকট দূর করবে না, বরং সমাজে মানবিকতা, সহমর্মিতা ও মানুষের পাশে দাঁড়ানোর অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
জমিদানকারী সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল বলেন, এ এলাকার মানুষের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিষয়টি জানার পর ২২ লাখ টাকা ব্যয়ে ৩৪ কাঠা জমি কিনে গ্রামবাসীর জন্য দান করেছি। এতে তাঁদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও দূর হবে। মানুষের কল্যাণে এমন কাজ করতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।


প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৮:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর