শীতার্তদের জন্য রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০ কম্বল হস্তান্তর

স্টাফ রিপোর্টার: শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে বিতরণের জন্য রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করেছে দেশের অন্যতম বৃহৎ ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা।
সোমবার (২৩ নভেম্বর) সকালে আশা রাজশাহী ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলামের কাছে এসব কম্বল হস্তান্তর করেন।
আশার নিজস্ব অর্থায়নে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আওতায় এসব কম্বল দেওয়া হয়। জেলা প্রশাসনের মাধ্যমে প্রকৃত অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হবে।
কম্বল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশার সিনিয়র রিজিওনাল ম্যানেজার মো. মিজানুর রহমান, রাজশাহী সদর ও বোয়ালিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (আরএম), অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার (এএসই), রাজশাহী সদর-১ ও ২, সাহেববাজার এবং রাজপাড়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার, সদর-১ ও ২ শাখার অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারসহ প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এ সময় ডিভিশনাল ম্যানেজার মো. রফিকুল ইসলাম বলেন, আশা প্রতিবছর সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে শীতবস্ত্র বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় এবার রাজশাহী জেলা প্রশাসকের কাছে ৪০০টি কম্বল হস্তান্তর করা হয়েছে, যাতে প্রকৃত শীতার্ত ও দুস্থ মানুষের হাতে এসব কম্বল পৌঁছে যায়।
তিনি আরও বলেন, শীতবস্ত্র বিতরণের পাশাপাশি আশা শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ