সর্বশেষ সংবাদ :

বিদেশি পিস্তল, গুলি ও ৮ কোটি টাকার হেরোইন জব্দ, আটক ৪

শাহালাল ইসলাম রাজশাহীঃ

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য জব্দ করেছে এসআরবি-৫। অভিযানে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন এবং ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে এসআরবি-৫-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাহিনীর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীনগর হাটপাড়া এলাকায় অভিযান চালায় এসআরবি-৫-এর একটি যৌথ দল।

এ সময় আহসান আলী ও আব্দুর রহিমের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। একই সঙ্গে অস্ত্র বেঁচাকেনার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দু’জন অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানায় এসআরবি। তাদের বিরুদ্ধে আগেও বিভিন্ন থানায় মামলা রয়েছে।

অন্যদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করে এসআরবি-৫-এর আরেকটি অভিযানিক দল। জব্দ করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা। এ সময় ময়না বেগম ও শাহাদত হোসেন নামে দুজনকে আটক করা হয়। সম্পর্কে তারা ভাইবোন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়।

এসআরবি-৫-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল ফয়সল ইসতিয়াক জানান, পৃথক দুই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এদিকে, এসআরবি-৫ জানায়, গত ছয় মাসে বিভিন্ন অভিযান চালিয়ে ১৭টি অস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার জব্দ করা হয়েছে। একই সময়ে ৪০ কেজি হেরোইন, ৪ হাজার ৯২২ বোতল ফেনসিডিল, প্রায় ২৭ হাজার পিস ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস ট্যাপেনটাডল জব্দ করা হয়েছে।

শাহালাল /শাহজাদা


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৬ | সময়: ৭:০৭ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর