, , ।
স্টাফ রিপোর্টার, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় মহাসড়কে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুজকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শুক্রবার রাতে উপজেলার সারইল নামক স্থানে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকপি গ্রামের শীষ মুহাম্মদের ছেলে শাহীন আলী (৩৮) ও একই থানার জমিনপুর গ্রামের ঋতু ইসরাইলের মেয়ে পিংকি খাতুন (২৮)। শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী-চাঁপাই মহাসড়কে সারইল নামক স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে মাদক ও অস্ত্র উদ্ধারে চেকপোস্ট বসিয়েছিল জেলা ডিবির একটি দল। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত অটো রিক্সায় আসা শাহীন আলীর কাছ থেকে মেড ইন ইউএসএ লেখা ৭.৬৫ মিমি দুটি পিস্তল, ৪টি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত অস্ত্রগুলো খুলনায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে স্বীকার করেছেন তারা। তবে বহনকারীরা খুলনায় কার কাছে এই চালান হস্তান্তর করবে, তা নিজেরা জানত না বলে দাবি করেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, চক্রটি ‘কাট-আউট’ পদ্ধতি অনুসরণ করছিল, যেখানে নেটওয়ার্কের এক স্তরের সদস্য অন্য স্তরের পরিচয় সম্পর্কে অবগত থাকে না। খুলনায় পৌঁছানোর পর ফোনের মাধ্যমে নতুন নির্দেশনা দিয়ে প্রাপককে ঠিক করার পরিকল্পনা ছিল।
জেলা ডিবির ওসি মাহাবুবুর রহমান বলেন, এই অস্ত্র চালানের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার কালীগঞ্জ এলাকার আরেক শাহীন আলী (৫৬) জড়িত তার কাছ থেকে অস্ত্রগুলো নিয়ে বিক্রির উদ্দেশ্যে খুলনা যাচ্ছিল। সে সীমান্ত এলাকা থেকে দীর্ঘদিন থেকে অস্ত্র সরবরাহ করে এবং বর্তমানে সে পলাতক রয়েছে।
অন্যদিকে গ্রেফতারকৃত শাহীন আলীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ২০১৮ সালে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি, বিশেষ ক্ষমতা আইনে একটি এবং ঢাকার সূত্রাপুর থানায় মাদক আইনে একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইন মামলা দায়ের করা হয়েছে। মূল সরবরাহকারী, খুলনার সম্ভাব্য প্রাপক এবং পুরো চক্রের সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।