, , ।
স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নাটোরের গুরুদাসপুরে সাবেক সংসদ সদস্য (সংরক্ষিত আসন) ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি ও তার ছোট ভাই জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভনসহ ৪৬ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগে মামলা দায়ের হয়েছে। মামলায় অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামী করা হয়েছে। শুক্রবার রাতে গুরুদাসপুরের বিয়াঘাট এলাকার বিএনপি নেতা ফজলুল হক বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় অন্যদের মধ্যে বিয়াঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রান্টু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানুর রহমান সিহাব, বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুহু সরদার, নাজিরপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, গুরুদাসপুর পৌর ছাত্রলীগের সভাপতি কবির আলী ও সম্পাদক ছাবলু, জেলা যুবলীগের সদস্য মোবারক হোসেন, গুরুদাসপুর জোহা কলেজ ছাত্রলীগের সম্পাদক আবু তাহের, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মোল্লা এবং সাংগঠনিক সম্পাদক প্রিন্স মোল্লা ও আলমগীর বিশ্বাস, ধারাবারিষা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগের সম্পাদক সুভাশিষ কবিরসহ ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় থেকে দুইশ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা বুধবার রাতে জয় বাংলা শ্লোগন দিয়ে বিয়াঘাট এলাকায় বাদীর দোকান ঘরে অগ্নিসংযোগ করেন। এতে তার দোকানপাট আগুনে পুড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভান।
অপরদিকে, চাপিলা ইউনিয়ন বিএনপি অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগে ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমানকে প্রধান আসামী করে ২৬ আওয়ামী লীগ নেতাকর্মীর নামে পৃথক মামলা দায়ের করা হয়েছে। চাপিলা ইউনিয়ন বিএনপির নেতা নয়ন হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন।
তবে জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বলেন, এসব ঘটনার সাথে আমাদের কোন সম্পর্ক নেই। রাজনৈতিকভাবে হয়রানী করতেই আমাদের নামে এসব মামলা দেয়া হচ্ছে।
গুরুদাসপুর থানার ওসি সিরাজুল ইসলাম মামলা দুটির বিষয় নিশ্চিত করে বলেন, নাশকতার দুটি পৃথক ঘটনায় থানায় মামলা হয়েছে। এসব মামলায় আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।