সর্বশেষ সংবাদ :

নিখোঁজের দুই দিন পর বড়াইগ্রামের ধানক্ষেত থেকে অচেতন উদ্ধার রাবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার, বড়াইগ্রাম: নিখোঁজ হওয়ার দুই দিন পর নাটোরের বড়াইগ্রামের একটি ধানক্ষেত থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নিখোঁজ শিক্ষার্থী হৃদয় আলীকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বিলের একটি ধানক্ষেত থেকে স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মী জাফর আলীসহ কয়েকজন তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর শ্বাসকষ্ট ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পুলিশের সহায়তায় তাকে বনপাড়া আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার জ্ঞান ফিরলেও তিনি কোন কথা বলতে পারছেন না।
উদ্ধার হওয়া হৃদয় আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামের নুর ইসলামের ছেলে। তিনি ক্যাম্পাস সংলগ্ন বিনোদপুরের মণ্ডলের মোড় এলাকার ‘মণ্ডল ম্যানশন’ মেসে থাকতেন।
নিখোঁজ শিক্ষার্থীর ভাই লাবিব জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি কালো ব্যাগ নিয়ে মেস থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরদিন শুক্রবার রাজশাহীর মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। তদন্তে পুলিশ তার মোবাইলে সর্বশেষ অবস্থান রাজশাহী শহরের শিরোইল কলোনি এলাকায় শনাক্ত করেছিল।
স্থানীয়রা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিবপুর বিলের ধানক্ষেতে স্থানীয়রা হৃদয়কে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে থানা পুলিশে খবর দেওয়া হয়। এ সময় তার পাশ থেকে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ও একটি চাবির রিং উদ্ধার করা হয়েছে।
বনপাড়া আমিনা হাসপাতালের চিকিৎসক ডা. আনসারুল হক জানান, হাসপাতালে আনার সময় ওই শিক্ষার্থী অচেতন অবস্থায় ছিলেন। হাসপাতালে ভর্তির পর থেকেই তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ড. ফরিদুল ইসলাম ও প্রক্টর ড. মাহবুবুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত বনপাড়ায় ওই হাসপাতালে ছুটে আসেন। তারা চিকিৎসকদের কাছ থেকে হৃদয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় উপাচার্য ড. ফরিদুল ইসলাম বলেন, নিখোঁজের পর থেকেই আমরা তাকে নিয়ে খুব উদ্বিগ্ন ছিলাম। খবর পেয়েই আমরা ছুটে এসেছি। বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। তার সন্ধান পাওয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং স্থানীয় পুলিশ প্রশাসন ও এলাকাবাসীকে ধন্যবাদ জানাই।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শিক্ষার্থীটি এখনো কথা বলতে না পারায় কীভাবে তিনি এখানে এলেন, তা জানা সম্ভব হয়নি। রাজশাহীর মতিহার থানা ও বড়াইগ্রাম থানা পুলিশ যৌথভাবে বিষয়টি তদন্ত করছে। তিনি সুস্থ হয়ে উঠলে বিস্তারিত জেনে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৬:৩৪ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর