, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের পর জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই চিকিৎসা দেওয়া হয়েছে। হৃদ্যন্ত্রের রক্তনালি বন্ধ হয়ে মৃত্যুঝুঁকিতে পড়া ৫৫ বছর বয়সী এক রোগীর রক্তনালিতে রিং স্থাপন করে প্রাণ বাঁচিয়েছেন চিকিৎসকেরা। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থারও উন্নতি হয়েছে।
গত মঙ্গলবার দুপুরে হাসপাতালের ক্যাথল্যাবে এ চিকিৎসা দেওয়া হয়। রোগীর নাম কাজল। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ তীব্র বুকব্যথা নিয়ে হাসপাতালে আসেন কাজল। এর মাত্র এক ঘণ্টা আগে তাঁর ব্যথা শুরু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় তীব্র হার্ট অ্যাটাক শনাক্ত হয়। ইসিজিতে ধরা পড়ে অ্যাকিউট ইনফিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন। এ সময় তাঁর রক্তচাপ নেমে আসে ৬০/৪০-এ। হৃদ্যন্ত্রের কার্যক্ষমতা মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তিনি কার্ডিওজেনিক শকে আক্রান্ত হন। তাঁর জীবন নিয়ে শঙ্কা তৈরি হয়। এ অবস্থায় প্রচলিত বিকল্প চিকিৎসার পরিবর্তে দ্রুত প্রাইমারি পিসিআই করার সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। তাঁকে নেওয়া হয় হাসপাতালের ক্যাথল্যাবে। সেখানে সরু নলের মাধ্যমে হৃদ্যন্ত্রের বন্ধ রক্তনালিতে রিং স্থাপন করা হয়। এতে রক্ত চলাচল স্বাভাবিক হতে শুরু করে। চিকিৎসার পর রোগীর রক্তচাপ বেড়ে দাঁড়ায় ১২৫/৮০-এ। বর্তমানে তিনি স্থিতিশীল এবং বুকব্যথামুক্ত রয়েছেন। এ চিকিৎসায় নেতৃত্ব দেন রামেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেজাউল ইসলাম। তাঁর সঙ্গে ছিলেন ডা. আব্দুল মালেক, ডা. সাইফুল ইসলাম, ডা. রাশেদসহ বিভাগের অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা।
ডা. রেজাউল ইসলাম বলেন, হার্ট অ্যাটাকের ক্ষেত্রে দ্রুত হাসপাতালে আসা খুবই জরুরি। সাধারণত বুকব্যথা শুরুর দুই ঘণ্টার মধ্যে রোগী হাসপাতালে পৌঁছালে প্রাইমারি পিসিআই করার সুযোগ থাকে। এ পদ্ধতিতে হৃদ্যন্ত্রের বন্ধ রক্তনালিতে জরুরি ভিত্তিতে রিং স্থাপন করে রক্ত চলাচল স্বাভাবিক করা হয়। এটি বিশেষায়িত হৃদরোগ চিকিৎসাপদ্ধতি।
তিনি বলেন, রামেক হাসপাতালে আগে এনজিওগ্রামের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার পর হৃদ্যন্ত্রের রক্তনালিতে রিং স্থাপন করা হতো। তবে হার্ট অ্যাটাকের পরপরই জরুরি ভিত্তিতে প্রাইমারি পিসিআই করার ঘটনা এবারই প্রথম। এত দিন এ ধরনের রোগীদের ক্ষেত্রে বিকল্প হিসেবে থ্রোম্বোলাইসিস ইনজেকশন দেওয়া হতো। এই ইনজেকশনের এক ভায়ালের দাম ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত। তিনি আরও বলেন, রোগী দ্রুত হাসপাতালে আসায় এবং স্বজনদের সম্মতি পাওয়ায় এ চিকিৎসা দেওয়া সম্ভব হয়েছে। এই সফলতার ধারাবাহিকতায় এখন থেকে রামেক হাসপাতালে নিয়মিত প্রাইমারি পিসিআই চিকিৎসা চালুর পরিকল্পনা রয়েছে। এতে হার্ট অ্যাটাকের রোগীদের জরুরি ও উন্নত চিকিৎসার সুযোগ বাড়বে।