, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতিসহ ২৩ নেতাকর্মীর নামে চাঁদাবাজি ও কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।
মামলায় অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে। রোববার রাতে মামলার এজাহারভূক্ত আসামী আলমগীর হোসেনকে আটক করেছে পুলিশ। এর আগে ১৩ নভেম্বর বয়েন উদ্দিন নামে এক বিএনপি কর্মী ও ব্যবসায়ী বাদী হয়ে ৫ লাখ টাকা চাঁদা না দেয়ায় কুপিয়ে ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে থানায় এ মামলা দায়ের করেন। আটক আলমগীর বনপাড়া পৌরসভার দিয়াড়পাড়া মহল্লার তাইজুল ইসলাম তাজেলের ছেলে। মামলার বাদী উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে।
মামলায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, কেএম জাকির হোসেনের ভগ্নিপতি গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিন প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়াড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মামুন ও জিয়াউর রহমান ও সাবেক সদস্য খাদেমুল বাশার এবং উপজেলা যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১০-১৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্তরা ওই ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। কিন্তু চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলীতলা গাজী বাড়ির সামনে অভিযুক্তরা তার উপর হামলা করে। এ সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে মৃত্যু নিশ্চিত করতে আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে মৃত ভেবে পাশের একটি পুুকুরে ফেলে দেয়। এরপর তারা একাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তাদের নির্মম নির্যাতনে বর্তমানে তিনি পঙ্গুত্ব জীবনযাপন করছেন।
ভুক্তভোগী ব্যবসায়ী বয়েন উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের রাজনৈতিক প্রভাবের কারণে একাধিকবার মামলা করার চেষ্টা করলেও তা গ্রহণ করা হয়নি। তাই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার পর প্রায় ১৬ বছর পরে ন্যায়বিচারের আশায় তিনি মামলা দায়ের করেছেন।
তবে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র কেএম জাকির হোসেন বলেন, মামলার বিষয়টি শুনেছি। ১৬ বছর আগের অভিযোগ দিয়ে মামলা করা হয়েছে। আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানী করতেই এ মামলা দেয়া হয়েছে।
বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইতিমধ্যে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদেরকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।