সর্বশেষ সংবাদ :

শ্রাবণের এক থ্রো, ডুলির সাত ভুলে স্বপ্নভঙ্গ!

স্পোর্টস ডেস্ক: ঘরের মাঠ। ভরা গ্যালারি। ফাইনালের টিকিট হাতের নাগালে। ৮৫ মিনিট পর্যন্ত সবকিছু দুলছিল সুতোর ওপর। তারপর এল ৮৬ মিনিট। একটা ভুল থ্রো, একটা পাস, একটা গোল। ২১ বছরের অপেক্ষা আরো লম্বা হলো। পাকিস্তান ইতিহাসে প্রথমবার সাফ ফাইনালে, আর বাংলাদেশ খালি হাতে ঘরে। প্রশ্ন হলো, এই হার কি শুধু কারো একটা ভুলের ফল, নাকি গোটা ম্যাচটাই ছিল ভুলে ঠাসা?
পাকিস্তান কোচ নোলবের্তো সোলানো এই ম্যাচে দলকে খেলিয়েছেন ৫-৩-২, কখনো ৫-৪-১ এর ফরম্যাটে। আদলটাই বলে দিচ্ছে এটি রক্ষণাত্মক ফরম্যাট। মাঝমাঠে মিড-লো ব্লক। বাংলাদেশের আক্রমণ ওই দেয়ালের সামনে মাথা খুঁড়ে মরল। পাকিস্তানের পরিশ্রমী প্রেসিং ফুটবলের সামনে পুরো বাংলাদেশ দলকে মনে হচ্ছিল দিশাহারা নাবিক। পরিকল্পনাবিহীন একটা দল। পাকিস্তানের এই দলকে নিয়ে বাংলাদেশের কোনো হোমওয়ার্ক ছিল কি না—সেই প্রশ্ন এখন উঠতেই পারে।
ইউরোপ থেকে আসা পাকিস্তানের পাঁচ খেলোয়াড় এই ম্যাচের গতিপথ বদলে দিলেন। সুইডেনের আবদুল্লাহ ইকবাল, আজারবাইজানের ঈসা সুলিমান, গ্রিসের আদিল নবী, ডেনমার্কের আবদুস সামাদ আর আলী আকবর খান। আর বাংলাদেশের লিগে খেলা পাকিস্তানিদের মধ্যে জায়গা ধরে রাখলেন কেবল আলী উজাইর। রক্ষণের কেন্দ্রে ইকবালের শক্তি আর মান বাংলাদেশের আক্রমণকে বারবার ফিরিয়ে দিল। বল ছেড়ে দিয়ে জায়গা কেড়ে নেওয়া, নিজ সীমান্তে প্রথম সুযোগেই বল ক্লিয়ার করা এবং পাল্টা আক্রমণে যাওয়া। এই পরিকল্পনা নিয়েই মাঠে নামে পাকিস্তান এবং সফল হলো। গোলটাও এলো ঠিক সেই পথে। প্রতিপক্ষের পায়ে বল, আর সঙ্গে সঙ্গে ছোবল। পুরো ছক এটুকুই, আর এটুকুই যথেষ্ট ছিল। সামনে ডিফেন্ডার দাঁড়ানো সত্ত্বেও যে অবস্থান থেকে জোরালো প্লেসমেন্ট শটে আব্দুল আরশাদ গোল করলেন, তা করতে সামর্থ্য লাগে।
গত শনিবার রাতে মাঠে এবং ডাগআউটে সামর্থ্যের এই লড়াইয়ে বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক এগিয়ে ছিল। তারই কল্যাণে ১৭ নভেম্বরের ফাইনালে খেলছে তারা। এবার খুঁজি বাংলাদেশের ডাগআউটে কী কী গলদ হলো। পরিসংখ্যান জানাচ্ছে ম্যাচে বাংলাদেশের বল দখল ছিল ৬২ থেকে ৬৪ শতাংশ। তবে টার্গেট শটে এগিয়ে পাকিস্তান। বলে দখল ছিল, তবে দিশা যে ছিল না। প্রথমার্ধে রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফিরল। ভাগ্য খানিক বিরূপ ছিল ঠিকই, কিন্তু ভাগ্যের দোহাই দিয়ে এই হার ঢাকা যাবে না। কোচ টমাস ডুলির বড় ভুলের হিসাব সবমিলিয়ে সাতটি।
ব্লক ভাঙার পরিকল্পনা ছিল না। মাঝমাঠে বল পেয়েও হামজা চৌধুরী ও সামিত সোম প্রতিপক্ষের সীমান্তে ফাঁক তৈরি করতে পারলেন কই? দ্রুত ওয়ান-টু নেই, দিক বদল নেই, পেছন থেকে উঠে আসা দৌড় নেই। আউট অব দ্য বক্স কোনো চমক নেই।
আক্রমণে একঘেয়েমি। বক্সের সামনে এসে বারবার একই ধরনের চেষ্টা। শারীরিকভাবে শক্ত এবং দীর্ঘাকায় পাকিস্তানিদের রক্ষণ ভাঙতে বৈচিত্র্য লাগে। ম্যাচে সেটা অনুপস্থিত। উইং থেকে হরিজেন্টাল লাইনে সাফল্য না এলে পথ বদলে ভার্টিক্যাল আক্রমণের পথ বেছে নিতে হয়। কোচ ডুলির পরিকল্পনায় সেটা মিলল কই?
বেঞ্চ থেকে কোনো উত্তর নেই। গোল না এলে ডাগআউটের একটা-দুটো সাহসী সিদ্ধান্তে ম্যাচ ঘুরে যায়। এদিন ম্যাচের চেহারা বদলানোর মতো কিছু চোখে পড়ল না। প্রথম ৪৫ মিনিটে গোল হলো না। উচিত ছিল দ্বিতীয়ার্ধে আরো তেজি হয়ে তেড়েফুঁড়ে গোলের জন্য ঝাঁপানো। কিন্তু যত সময় গেল খেলা থেকে বাংলাদেশের তেজ যেন হারিয়ে গেল!
মাঝমাঠের রঙহীন। দ্বিতীয় মিনিটে সামিতের ভুল পাস থেকেই পাকিস্তানের প্রথম বিপজ্জনক আক্রমণ। শুরুর এই আক্রমণে পাকিস্তান জানিয়ে দিল তারা এই ম্যাচে স্রেফ অংশগ্রহণ করতে আসেনি, জিততে এসেছে। মাঝ মাঠে হামজা এবং সামিত সোম দুজনেই এই ম্যাচে ছিলেন অফকালার। আগের ম্যাচের পুরো রঙিন এই ম্যাচে ঝাপসা মানের সাদা-কালো! মাঝমাঠকে আরো শক্তিমান এবং ব্যতিক্রমী করার কোনো পরিকল্পনা দেখাতে পারেনি বাংলাদেশ কোচ।
সাধারণত গোলশূন্য নকআউট ম্যাচের শেষ দিকে সবাই একটু বাড়তি সতর্ক থাকে। এই সময়ের ম্যাচ ম্যানেজমেন্ট ঠিক রাখা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এমন সময়টায় বলাই থাকে যে বল নিরাপদে রাখো আর ঝুঁকি কমাও। সেই নির্দেশনা কি দলকে দেওয়া হয়নি? ড্র হলেও অন্তত অতিরিক্ত সময় মিলত। গোল হজমের পরও দল সামনে পাস দেওয়ার চেয়ে ব্যাকপাসেই বেশি মন দিল কেন?
প্রতিপক্ষকে পড়তে না পারা। ভারতের কাছে হেরে পাকিস্তান কোচ সোলানো দল বদলালেন, শক্তি বাড়ালেন। অন্যদিকে ডুলির প্রস্তুতি দেখে মনে হলো, শ্রীলঙ্কাকে ৪-০ হারানোর আত্মবিশ্বাসই ছিল একমাত্র সম্বল। সেই মেকি আত্মবিশ্বাসেই ডুবল দল। নকআউটে না জিতলে গ্রুপ ম্যাচের দাদাগিরি কোনো কাজে লাগে না।
আক্রমণভাগে বিকল্পের অভাব। ব্লক ভাঙার মতো নির্ভরযোগ্য ফিনিশার নেই বলে গোলের চাপ গিয়ে পড়ল হামজা ও সামিতের কাঁধে। বড় ম্যাচে তারকার কাছে মাঠের ফুটবল একটা বিশেষ মুহূর্ত চায়। সেই মুহূর্ত আসেনি।
ম্যাচ শেষে সবাই বলির পাঁঠা হিসেবে গোলকিপার মেহেদি হাসান শ্রাবণকে বেছে নিয়েছেন। মানছি বল থ্রোটা ছিল শ্রাবণের এরর অব জাজমেন্ট। ৮৬ মিনিটে শ্রাবণের থ্রো গিয়ে পড়ল প্রতিপক্ষের পায়ে। সেখান থেকে বদলি হায়ান খাট্টাকের পাস এবং আব্দুল সামাদ শাহজাদ আরশাদের দারুণ ফিনিশিংয়ের গোল। থ্রোর ভুলটা গোলরক্ষকের, অস্বীকার করার উপায় নেই। কিন্তু শ্রাবণের সেই ভুল থ্রো গিয়ে পড়ে গোলপোস্ট থেকে প্রায় ৪০ গজ দূরে দাঁড়ানো পাকিস্তানি খেলোয়াড়ের পায়ে। সেখান থেকে হায়ান খাট্টাকের পাসে বল পেয়ে বাংলাদেশের ডি বক্সের ভেতরে ডিফেন্ডার জিদান ইউসুফকে কাটিয়ে আরশাদের গোল—এই পুরোটা সময় লেগেছে ছয় সেকেন্ড। এই ছয় সেকেন্ড কেন দলের ডিফেন্ডাররা সংগঠিত হতে পারলেন না, সেই প্রশ্ন কেউ তুলছে না কেন? বল যখন হায়ান খাট্টাকের কাছে গেল, তখন বাংলাদেশের ডি বক্সে দাঁড়িয়ে তিনজন খেলোয়াড় কী নিয়ে আলাপ করছিলেন?
এদের একজনের আবার কোমরে হাত। প্রতি মুহূর্ত তো সেই সময় সবার সতর্ক থাকার প্রয়োজন ছিল। কেন তারা মনোযোগী ছিলেন না? গোলকিপার শ্রাবণকে বলির পাঁঠা বানানো সহজ। কিন্তু এই প্রশ্নের উত্তর খোঁজা তো আরো জরুরি ছিল! একই শ্রাবণ ম্যাচের দ্বিতীয় মিনিটে ঝাঁপিয়ে গোল বাঁচিয়েছেন, সেটাও ভুলে গেলে চলবে না। রক্ষণের প্রায় প্রতিটি জায়গায় গভীরতা পাতলা, আর গোলরক্ষকের জায়গায় দেশে বা বিদেশে ভরসা করার মতো কেউ নেই। শ্রাবণ ভুল করেছেন। কিন্তু সেই ভুলের মঞ্চ সাজিয়ে রেখেছিল পুরো কাঠামো। ভুল করা হাতকে দোষ দেওয়া সহজ। কিন্তু যে ছক হাতটাকে চাপের মুখে ফেলল, তার জবাব কে দেবে?
মাঠে ফুটবলাররা খেলেন। আর ডাগআউটে কোচ। শনিবারের সেমির লড়াইয়ে এই দুই জায়গায় বাংলাদেশ হারল। মাঠে হারলেন হামজারা। ডাগআউটে কোচ টমাস ডুলি।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর