সর্বশেষ সংবাদ :

শিক্ষার্থীদের পড়ার টেবিলমুখি করতে ধনবাড়ীতে প্রশাসনের ঝটিকা অভিযান

টাঙ্গাইল প্রতিনিধি: সন্ধ্যার পর শিক্ষার্থীদের অযথা বাইরে ঘোরাফেরা নিরুৎসাহিত করা, পড়াশোনায় মনোযোগী করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সন্ধ্যার পরে উপজেলার সকল শিক্ষার্থীদের কে পড়ার টেবিলমুখি করার লক্ষ্যে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সমন্বিত ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সাম্প্রতিক ধনবাড়ী উপজেলায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের আশানুরূপ ফলাফল অর্জিত না হওয়ায় তাদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে সহায়ক পরিবেশ তৈরির বিষয়টিও এ উদ্যোগের অন্যতম প্রেক্ষাপট হিসেবে নিয়ে কাজ করছে প্রশাসন।
টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নির্দেশনা ও সার্বিক দিকনির্দেশনায় প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথীর নেতৃত্বে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে চারটি পৃথক অভিযান দল গঠন করা হয়। প্রতিটি দলের সঙ্গে ধনবাড়ী থানার দুইজন পুলিশ সদস্য এবং একজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করেন। অভিযান পরিচালনার জন্য গঠিত দলগুলোর মধ্যে ধনবাড়ী পৌরসভা ও ধোপাখালী ইউনিয়নে নেতৃত্ব দেন ইউএনও নূরজাহান আক্তার সাথী। এ দলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ দায়িত্ব পালন করেন। যদুনাথপুর ও বানিয়াজান ইউনিয়নে দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও একাডেমিক সুপারভাইজার।
বীরতারা ও পাইস্কা ইউনিয়নে দায়িত্বে ছিলেন উদ্যানতত্ত্ববিদ ও সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য)। মুশুদ্দি ও বলিভদ্র ইউনিয়নে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি কর্মকর্তা ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার।
অভিযানকালে উপজেলার বিভিন্ন বাজার, চায়ের দোকান, পাড়ার মোড়, স্কুল-কলেজের মাঠ, ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ এবং অন্যান্য জনসমাগমস্থল পরিদর্শন করা হয়। বিশেষভাবে দেখা হয়, সন্ধ্যার পর স্কুল-কলেজের শিক্ষার্থীরা অযথা চায়ের দোকান, কেরাম খেলার আসর, বাজার কিংবা বিভিন্ন আড্ডাস্থলে সময় কাটাচ্ছে কি না। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা না করে পড়ার টেবিলে সময় কাটানো, নিয়মিত পড়াশোনা করা এবং বিদ্যালয়ে উপস্থিত থাকার বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
একই সঙ্গে প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়। অভিভাবকদের সন্তানদের চলাফেরা, বিদ্যালয়ে উপস্থিতি ও পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের অনুরোধ জানানো হয়।
স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও গ্রাম পুলিশকে শিক্ষার্থীদের সন্ধ্যাকালীন চলাফেরা পর্যবেক্ষণ এবং তাদের পড়াশোনামুখী করতে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেওয়া হয়। এ ছাড়া চায়ের দোকানে টেলিভিশনে অশ্লীল ও অনুপযুক্ত অনুষ্ঠান প্রদর্শন করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা হয় এবং ব্যবসায়ীদের রাত ৮টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার বিষয়ে পরামর্শ দেওয়া হয়। অভিযান শেষে সংশ্লিষ্ট দলগুলো নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন পরিষদে গিয়ে প্রশাসনিক কর্মকর্তা, হিসাব সহকারী ও গ্রাম পুলিশের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে।
ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, শিক্ষার্থীদের সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা নিরুৎসাহিত করা, তাদের পড়াশোনামুখী করা এবং শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে তাঁদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে অবহিত করা হয়। পাশাপাশি, এ কার্যক্রম নিয়মিত মনিটরিং ও তদারকির আওতায় রাখা এবং প্রয়োজন অনুযায়ী উপজেলা প্রশাসনকে অবহিত করার বিষয়ে তাঁদের নির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়। অভিযানকালে স্থানীয় জনগণ ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
তাঁরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা ও সন্ধ্যার পর অযথা ঘোরাফেরা বন্ধে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। শিক্ষার্থীদের পড়াশোনামুখী করার পাশাপাশি অভিযানে বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগও নেওয়া হয়। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ এবং একটি শিক্ষাবান্ধব ও নিরাপদ সমাজ গড়ে তুলতে এ ধরনের সমন্বিত উদ্যোগ ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ইউএনও নূরজাহান আক্তার সাথী।
উপজেলার বীরতারা ইউনিয়নের বাজিতপুরের বাসিন্দা শিক্ষক আসাদুজ্জামান মুকুল, ব্যাবসায়ী হাবিবুর রহমান হাবিব, মাহেদুল হাসান, আব্দুর রশিদ সহ এলাকাবাসী সন্ধ্যার পরে শিক্ষার্থীদেরকে পড়ার টেবিলমুখি করতে প্রশাসনের সর্তকতামূলক এমন ঝটিকা অভিযান কে স্বাগাত জানিয়ে তারা বলেন এমন পদক্ষেপের ফলে অনেকাংশে কিশোর গ্যাং কমে গেছে এছাড়াও শিক্ষার্থীরা টেবিলমুখি হচ্ছে। এতে করে শিক্ষার মান ও সুন্দর সমাজ গড়ে উঠবে।


প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬ | সময়: ৩:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর