, , ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আত্রাই উপজেলা শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা যুবদলের সভাপতি মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান জুয়েল বলেন, তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষার আন্দোলনে যুবদল সবসময় সামনের সারিতে ছিল এবং আগামীতেও রাজপথে থেকে অগ্রণী ভূমিকা পালন করবে। দলে কোনো ধরনের বিভেদ সৃষ্টি না করে সাংগঠনিক শৃঙ্খলা মেনে দলকে সুসংগঠিত করতে হবে। কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার।
এছাড়াও বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম, যুগ্ম-আহ্বায়ক আশরাফ ইসলাম লিটন প্রমুখ। কর্মীসভায় আত্রাই উপজেলার ৮টি বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।