, , ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ দলে হামজা দেওয়ান চৌধুরী আছেন, আছেন জামাল ভূঁইয়াও। তবে প্রতিপক্ষের তারকা ফুটবলারদের নিয়ে ভাবতে রাজি নন পাকিস্তানের খেলোয়াড় ইউসুফ বাট। তার কাছে ব্যক্তিগত কোনো খেলোয়াড় নয়, গুরুত্বপূর্ণ পুরো দল। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল সামনে রেখে এমনই বার্তা দিয়েছেন পাকিস্তানের ৩৭ বছর বয়সী এই গোলরক্ষক।
হামজাকে নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোচনা হলেও পাকিস্তানের তাতে কোনো মাথাব্যথা নেই বলে জানিয়েছেন ইউসুফ, ‘হামজা বা অন্য কাউকে নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। আমার কাছে গুরুত্বপূর্ণ হলো আমার ভালো বন্ধু জামাল ভূঁইয়ার বিপক্ষে খেলা।’ বাংলাদেশ দলে হামজার মতো তারকা আছেন, পাকিস্তানেও রয়েছে বেশ কয়েকজন প্রতিভাবান ফুটবলার, মনে করিয়ে দিয়েছেন ইউসুফ। আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী ও আবদুল আরশাদের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তারা দুর্দান্ত খেলোয়াড়। তবে আমি গ্যারান্টি দিচ্ছি, আমাদের দলেও দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। প্রস্তুতি ভালো হয়েছে। পাঁচজন নতুন খেলোয়াড় আসছে, যারা ইনশাআল্লাহ দলের সঙ্গে যোগ দিয়ে সাহায্য করতে পারবে। সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নেমে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সেরাটা দেবো।’
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে গ্যালারির চাপ নিয়েও কথা বলেছেন পাকিস্তানের এই গোলরক্ষক। ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের কাছে ১-০ গোলে হারের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই ম্যাচে একটি আত্মঘাতী গোলের কারণে বাংলাদেশ ভাগ্যবান ছিল। এবার ফল অন্য রকম হবে বলে আশাবাদী তিনি। বাংলাদেশের সমর্থকদের উপস্থিতি ও ঘরের মাঠের চাপের বিষয়টি উল্লেখ করে ইউসুফ ভিএআর প্রযুক্তির সহায়তা পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেছেন। তার মতে, স্বাগতিক দল ও সমর্থকদের কারণে মাঠে যে চাপ তৈরি হয়, ভিএআর থাকলে পরিস্থিতি কিছুটা গোছানো থাকবে এবং তা পাকিস্তানকে সাহায্য করবে। ভারতের বিপক্ষে ফাইনাল খেলার স্বপ্নও দেখছেন ইউসুফ। তবে তার আগে বাংলাদেশের বাধা পেরোনোই পাকিস্তানের মূল লক্ষ্য। ভারতের বিপক্ষে আগের ম্যাচটিকে নিজেদের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বাজে পারফরম্যান্সগুলোর একটি বলে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি আশা করি, ইনশাআল্লাহ আমরা ফাইনালে আবারও তাদের মুখোমুখি হব। তবে এক ম্যাচে এক ধাপে এগোতে হবে। এখন আমাদের সামনে বাংলাদেশ।’ সাফ চ্যাম্পিয়নশিপকে পাকিস্তানের জন্য বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা হিসেবে দেখছেন ইউসুফ। আগামী বছর বিশ্বকাপ বাছাইপর্ব থাকলেও সাফ জয়কে দলের অন্যতম বড় লক্ষ্য বলে উল্লেখ করেছেন তিনি। তার প্রত্যাশা, এবার ইতিহাস গড়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে পাকিস্তান।