, , ।
প্রেস বিজ্ঞপ্তি :
শিক্ষা প্রতিটি শিশুর মৌলিক অধিকার। তবুও সমাজের অনেক শিশুর কাছে শিক্ষার সুযোগ আজও নানা প্রতিবন্ধকতায় সীমাবদ্ধ। সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্নকে সামনে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ২০২৬–২৭।
বটতলী আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বটতলী গোদাগাড়ী, ৫ নং পোগ্রাম ইউনিয়ন, রাজশাহীতে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সামাজিক উদ্যোগ ‘প্রজেক্ট অগ্রযাত্রা (Project Ogrojatra)’-এর দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে সাঁওতাল সম্প্রদায়ের শিক্ষাক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, দৈনন্দিন প্রতিকূলতা এবং একটি সুন্দর ভবিষ্যৎ ঘিরে তাদের আকাঙ্ক্ষা তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় ও সম্পৃক্ততার মাধ্যমে তাদের অভিজ্ঞতা ও বাস্তব চিত্র অনুধাবন করাই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। কারণ, অর্থবহ পরিবর্তনের সূচনা হয় মানুষের কথা শোনা, তাদের বাস্তবতা বোঝা এবং তাদের অধিকারকে গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে।
কোনো শিশুর সামাজিক পরিচয় কিংবা আর্থিক পরিস্থিতি যেন তার স্বপ্নের পথে বাধা হয়ে না দাঁড়ায়। শিক্ষা কোনো প্রিভিলেজ নয়, এটি প্রতিটি শিশুর অধিকার।
‘আবেহাও’ একটি নতুন সকালের প্রত্যাশা—যেখানে প্রতিটি শিশু সমানভাবে শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পাবে এবং কোনো স্বপ্ন থেমে যাবে না সুযোগের অভাবে।
প্রজেক্ট অগ্রযাত্রা — প্রতিটি পদক্ষেপে, সম্ভাবনার নতুন দিগন্ত।
এ সম্পর্কে হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ডিরেক্টর, মৃন্ময় সাহা বলেন –
” প্রজেক্ট অগ্রযাত্রার দ্বিতীয় পর্ব ‘আবেহাও’-এর মাধ্যমে আমরা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার বাস্তবতা, তাদের সংগ্রাম ও স্বপ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছি।
আমরা বিশ্বাস করি, শিক্ষা কোনো সুযোগ নয়, প্রতিটি শিশুর মৌলিক অধিকার। কোনো শিশুর সামাজিক পরিচয় বা আর্থিক অবস্থা যেন তার স্বপ্নপূরণের পথে বাধা হয়ে না দাঁড়ায়।
একজন আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা, এই ছোট্ট উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেবে।
আমরা চাই, প্রতিটি শিশুর জীবনেই আসুক নতুন সকাল, প্রতিটি স্বপ্ন পাক বাস্তব হওয়ার সুযোগ। ”
এ সম্পর্কে হাল্ট প্রাইজ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট হেড, মোঃ নাজমুল হুদা বলেন – ” রাজশাহী ইউনিভার্সিটি হাল্ট প্রাইজ এর প্রজেক্ট অগ্রযাত্রার দ্বিতীয় পর্ব ‘আবেহাও’।
প্রজেক্ট হেড হিসেবে আমার কাছে এই উদ্যোগ শুধু একটি আয়োজন নয়, বরং সমাজের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতাকে উপলব্ধি করার প্রচেষ্টা।
আমরা সাঁওতাল সম্প্রদায়ের শিশুদের শিক্ষার চ্যালেঞ্জ ও তাদের স্বপ্নগুলোকে কাছ থেকে জানতে চেয়েছি। আমাদের বিশ্বাস, একটি শিশুর ভবিষ্যৎ তার পরিচয় বা আর্থিক অবস্থার দ্বারা সীমাবদ্ধ হওয়া উচিত নয়।
আমরা হয়তো পরিবর্তনের সূচনা মাত্র করতে পেরেছি, কিন্তু আমাদের প্রত্যাশা ; এই ছোট পদক্ষেপ একদিন বড় সম্ভাবনার পথ তৈরি করবে।
কারণ, প্রতিটি শিশুর প্রাপ্য একটি সুন্দর ভবিষ্যৎ, আর সেই ভবিষ্যতের প্রথম আলো হলো শিক্ষা। ”
সানশাইন /শামি