সর্বশেষ সংবাদ :

ফুটপাত দখলমুক্ত, গ্রাফিতি ও আলোকসজ্জা নতুন রূপে সেজেছে রাজশাহী নগরী

সবুজ ইসলাম: দীর্ঘদিনের অবৈধ দখলদারত্ব থেকে মুক্ত হয়ে নতুন রূপে ফিরছে রাজশাহী নগরীর ফুটপাত। নেই আগের মতো দোকানপাট ও অস্থায়ী স্থাপনার জটলা, পথচারীদের চলাচলেও ফিরেছে স্বস্তি। শুধু ফুটপাত দখলমুক্ত করেই নয়, কেউ যাতে আর ফুটপাত অবৈধ দখল করতে না পারে সেজন্য লোহার রেলিং বসানো হয়েছে। এছাড়াও দেয়ালে দেয়ালে বর্ণিল গ্রাফিতি, চিত্রকর্ম, রাতের আলোকসজ্জা আর সড়কের পাশে গাছে গাছে নানা রঙের ফুলের সমারোহে নগরীর সৌন্দর্যে যুক্ত হয়েছে নতুন মাত্রা। সব মিলিয়ে পরিচ্ছন্ন, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে নতুন করে নজর কাড়ছে রাজশাহী।
একসময় রাজশাহী মহিলা কলেজের সামনের সড়কের ফুটপাতের বড় অংশ ছিল দোকানপাট, খাবারের দোকান ও বিভিন্ন অস্থায়ী স্থাপনার দখলে। ফলে ফুটপাত দিয়ে চলাচলের সুযোগ না থাকায় বাধ্য হয়ে মূল সড়ক ব্যবহার করতে হতো পথচারীদের। এতে বাড়ত দুর্ঘটনার ঝুঁকি, সৃষ্টি হতো যানজট। বিশেষ করে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে পোহাতে হতো ভোগান্তি।
তবে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনার পর বদলে গেছে সেই চিত্র। ফুটপাত ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, পথচারী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, ফুটপাত দখলমুক্ত হওয়ায় মানুষের চলাচল যেমন সহজ হয়েছে, তেমনি সড়কেও কমেছে বাড়তি চাপ। রাস্তার পাশের সৌন্দর্যবর্ধন, দেয়ালে দেয়ালে দৃষ্টিনন্দন চিত্রকর্মের গ্রাফিতি এবং রাতে আলোকসজ্জা নগরীর পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। সড়কের পাশে লাগানো বিভিন্ন রঙের ফুলের সৌন্দর্য পথচারীদের মুগ্ধ করছে। দিনের পরিচ্ছন্ন পরিবেশ আর রাতের আলোকিত নগরী—দুই মিলিয়ে রাজশাহী যেন ফিরে পাচ্ছে তার নান্দনিক পরিচয়।
রাজশাহী মহিলা কলেজের সামনে দিয়ে হাঁটছিলেন স্থানীয় নাগরিক আলিফ আলী। ফুটপাত দখলমুক্ত হওয়ায় সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘দীর্ঘদিন পর মনে হচ্ছে ফুটপাতটা আসলেই নাগরিকদের জন্য ফিরে এসেছে। আগে দোকানপাটের কারণে এখানে হাঁটার কোনো পরিবেশ ছিল না। বাধ্য হয়ে রাস্তা দিয়ে চলতে হতো। এখন স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারছি। এই উদ্যোগ নেওয়ার জন্য রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, ফুটপাতগুলো যেন আবার দখল না হয়।’ স্থানীয় বাসিন্দা জুবায়ের রহমান বলেন, ‘একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরীর অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফুটপাত দিয়ে মানুষের নির্বিঘ্নে চলাচলের ব্যবস্থা থাকা। আগে ফুটপাত দখল থাকায় নারী, শিশু ও বয়স্কদের সড়ক দিয়ে চলাচল করতে হতো, যা ছিল বেশ ঝুঁকিপূর্ণ। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। পাশাপাশি রাস্তার সৌন্দর্যও বেড়েছে। রাজশাহীকে আরও সুন্দর করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।’
রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সানজিদা খাতুন বলেন, ‘কলেজে আসা-যাওয়ার সময় আগে ফুটপাত ব্যবহার করতে পারতাম না। সড়কের ওপর দিয়ে হাঁটতে গিয়ে অনেক সময় ভয় লাগত। এখন খুব সহজেই ফুটপাত দিয়ে চলাচল করতে পারছি। রাস্তার পাশের ফুল, দেয়ালের গ্রাফিতি ও রাতের আলোকসজ্জাও বেশ ভালো লাগছে। নগরীকে এখন অনেক বেশি সুন্দর মনে হচ্ছে। আমরা চাই, ভবিষ্যতেও ফুটপাত যেন দখলমুক্ত থাকে।’
রেজা আলী নামের স্থানীয় এক রিকশাচালক বলেন, ‘আগে ফুটপাত দখল থাকায় মানুষ রাস্তায় হাঁটত। দোকানের সামনে রিকশা-ভ্যান দাঁড়িয়ে থাকত। সব মিলিয়ে রাস্তায় অনেক চাপ থাকত। এখন মানুষ ফুটপাত দিয়ে হাঁটছে, তাই সড়কের ওপর চাপও কমেছে। যানজট আগের তুলনায় কিছুটা কম মনে হচ্ছে। রাসিকের এই উদ্যোগ ভালো হয়েছে। তবে অভিযান শেষ হওয়ার পর আবার যেন কেউ ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়ে নিয়মিত নজরদারি দরকার।’
নগরীর সৌন্দর্য ও পরিচ্ছন্নতা নিয়ে সন্তোষ প্রকাশ করে পথচারী ইমরান মাহমুদ বলেন, ‘রাজশাহী বরাবরই পরিচ্ছন্ন শহর হিসেবে পরিচিত। এখন ফুটপাতগুলো দখলমুক্ত হওয়ায় শহরের সৌন্দর্য আরও বেড়েছে। গ্রাফিতি, ফুলের গাছ আর রাতের আলোকসজ্জা নগরীকে অন্যরকম আকর্ষণীয় করে তুলেছে। এমন পরিবেশ বজায় থাকলে রাজশাহী দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে আরও পরিচিতি পাবে।’
রাসিক সূত্রে জানা গেছে, প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় গত মাসজুড়ে নগরীর সড়ক ও ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। দড়িখরবোনা মোড় থেকে রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে হয়ে মালোপাড়া পর্যন্ত এবং বাটার মোড় ও নিউমার্কেট এলাকায় এসব অভিযান চালানো হয়। অভিযানের পর রাজশাহী মহিলা কলেজের সামনের ফুটপাত অনেকটাই স্বাভাবিক রূপ ফিরে পেয়েছে। আগে যেখানে দোকানপাট ও বিভিন্ন অস্থায়ী স্থাপনার কারণে হাঁটার জায়গা ছিল না, এখন সেখানে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন পথচারীরা। ফুটপাত ব্যবহার করতে পারায় মূল সড়কে পথচারীদের চাপও কমেছে। ফলে যান চলাচলেও কিছুটা স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘নগরবাসীর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। ফুটপাত পথচারীদের চলাচলের জন্য, এটি কোনোভাবেই দখল করে ব্যবসা পরিচালনা বা অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। উচ্ছেদের পর যাতে আবারও কেউ ফুটপাত দখল করতে না পারে, সে বিষয়েও নিয়মিত নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নাগরিকদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া নগরীতে অবৈধ অটোরিকশার বিরুদ্ধেও রাসিকের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
নগরবাসীর প্রত্যাশা, শুধু উচ্ছেদ অভিযান পরিচালনা করেই নয়, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ফুটপাতের দখলমুক্ত পরিবেশ স্থায়ী করা হবে। একই সঙ্গে নগরীর সৌন্দর্যবর্ধন কার্যক্রমও অব্যাহত থাকবে। তাঁদের মতে, একটি সুন্দর নগরী গড়ে তোলার পাশাপাশি সেই সৌন্দর্য ধরে রাখাও জরুরি। ফুটপাত হবে পথচারীদের, সড়ক থাকবে যান চলাচলের জন্য—এমন শৃঙ্খলা নিশ্চিত করা গেলে রাজশাহী সত্যিকার অর্থেই হয়ে উঠবে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও নান্দনিক নগরী।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৪২ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর