, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো নাশকতার পরিকল্পনা করতে নয়, পিকনিক করতে ওই বাড়িতে গিয়েছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আক্কেলপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী আরাফাত হোসেন (সঞ্জু), পৌর যুবলীগের দপ্তর সম্পাদক নাসিমুজ্জামান রকেট ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম হোসেন রয়েছেন। এ ছাড়া তাঁদের মধ্যে একজন নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের দুজন কর্মচারী রয়েছেন। এ সময় ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাজী আরাফাত হোসেন সঞ্জু (৪০), নাসিমুজ্জামান রকেট (৩৫), শামীম হোসেন (২৯), রফিকুল ইসলাম (৪৩), সেলিম রেজা (৪৫), নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন বকুল (৪৫), সাখাওয়াত হোসেন রনি (৩৫), আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের কম্পিউটার অপারেটর হারুনুর রশিদ জনি (৩৫), সজীব শাহরিয়ার সোহাগ (৩৫), তানভীর আহমেদ সোহাগ হোসেন (৩৪), সাঈদ হোসেন দোলন (৩৫), নাসরুল্লাহ (৩৮), আশরাফুল ইসলাম (৫১), মাহবুব হাসান সবুজ (৩৫), নাজমুল হাসান নান্টু (৩৫), ইমরান হাসান (৩২), সাইফুল ইসলাম সাজ্জাদ (৩৫), আল আমিন (৩৮) ও আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের কর্মচারী জাকির হোসেন (৪৫)।
মঙ্গলবার রাতে আক্কেলপুর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন তালুকদার বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মোটরসাইকেল নিয়ে পৌরশহরের পশ্চিম বিহারপুর মহল্লার রফিকুল ইসলামের বাড়িতে জড়ো হয়েছেন। তাঁরা সড়ক অবরোধ, যানবাহন ভাঙচুর ও জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনা করছেন বলে পুলিশের কাছে তথ্য আসে।
পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। রাত ১০টা ৩৫ মিনিটের দিকে পুলিশ পৌঁছালে সেখানে জড়ো হওয়া ব্যক্তিরা মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ১৯ জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ২০ থেকে ২৫ জন পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে ১৯ জনের নাম-ঠিকানা উল্লেখ রয়েছে। তাঁদের মধ্যে নাসির উদ্দিন বকুল নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হারুনুর রশিদ জনি আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের কম্পিউটার অপারেটর এবং জাকির হোসেন একই কলেজের কর্মচারী।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের স্বজনদের দাবি, তাঁরা কোনো রাজনৈতিক বা নাশকতামূলক কর্মকাণ্ডে অংশ নিতে সেখানে যাননি। বন্ধুদের সঙ্গে পিকনিক করতে ওই বাড়িতে গিয়েছিলেন। এর আগেও তাঁরা সেখানে পিকনিক করেছেন।
আক্কেলপুর সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুহা. মুবারক আলী বলেন, ‘আমার ছেলে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়েছিল। পুলিশ তাদের সবাইকে আটক করে নাশকতার মামলা দিয়েছে।’
আরেক আসামি নাজমুল হাসান নান্টু সাংসারিক কাজকর্ম করেন। তাঁর মা নার্গিস বেগম বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতির সঙ্গে জড়িত নয়। সে পিকনিক করতে গিয়েছিল।’
এজাহারে বলা হয়েছে, ঘটনাস্থল থেকে ৯টি মোটরসাইকেল ও ৮টি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে হোন্ডা সিবি শাইন এসপি, হিরো হোন্ডা এক্সট্রিম, বাজাজ পালসার, হিরো হোন্ডা সিবি ট্রিগার ও সুজুকি জিক্সার মডেলের মোটরসাইকেল। পরে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা মালামালের তালিকা তৈরি করা হয়।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান মাসুদ বলেন, তাঁরা সবাই একত্র হয়ে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।