সর্বশেষ সংবাদ :

সরকারি নীতিমালা উপেক্ষা করে ভাড়াটে কারবার: বড়াইগ্রামে একজনের সার লাইসেন্স, ব্যবসা করছেন আরেকজন ॥ বিপণনে বিশৃঙ্খলা

বড়াইগ্রাম প্রতিনিধি: সরকারি নীতিমালা অনুযায়ী সার ডিলারশিপ বা লাইসেন্স হস্তান্তরযোগ্য না হলেও বড়াইগ্রামে নিয়ম উপেক্ষা করে একজনের লাইসেন্স ভাড়া নিয়ে ব্যবসা করছেন আরেকজন। প্রতি মাসে নির্দিষ্ট অর্থের বিনিময়ে লাইসেন্সটি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সার ব্যবসা করে আসছেন তিনি। এ ঘটনায় এলাকার সার বিপণন ব্যবস্থার স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার আহম্মেদপুর এলাকায় ‘মেসার্স মাহি এন্টারপ্রাইজ’ এর নামে ইস্যুকৃত লাইসেন্স ব্যবহার করে সারের ব্যবসা পরিচালনা করছেন রফিকুল ইসলাম নামের এক ব্যবসায়ী। তবে তিনি নিজস্ব প্রতিষ্ঠান ‘মেসার্স রফিকুল ট্রেডার্স’-এর ব্যানারে এই ব্যবসা চালাচ্ছেন। এর বিনিময়ে মেসার্স মাহি এন্টারপ্রাইজের মালিকপক্ষকে তিনি প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা পরিশোধ করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৯ সালে তৎকালীন সংসদ সদস্য প্রয়াত আব্দুল কুদ্দুসের সুপারিশে আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের নামে মেসার্স মাহি এন্টারপ্রাইজের লাইসেন্সটি ইস্যু করা হয়। আব্দুল মান্নানের মৃত্যুর পর বর্তমানে কাগজে-কলমে প্রতিষ্ঠানটির মালিক হিসেবে রয়েছেন তার স্ত্রী বিলকিস বেওয়া।
অভিযোগ রয়েছে, স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি মাসিক ভাড়ার চুক্তিতে লাইসেন্সটি রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করেছেন। এছাড়া অভিযুক্ত ব্যবসায়ী রফিকুল ইসলাম বড়াইগ্রাম উপজেলার স্থায়ী বাসিন্দা নন; তার বাড়ি পার্শ্ববর্তী গুরুদাসপুর উপজেলার চাপিলা এলাকায়।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, সরকারি নীতিমালা অনুযায়ী সারের লাইসেন্স হস্তান্তর বা ভাড়া দেওয়া এবং এক উপজেলার বাসিন্দা অন্য উপজেলায় ব্যবসা করার কোনো নিয়ম নেই। কিন্তু রফিকুল গুরুদাসপুরের বাসিন্দা হয়েও কীভাবে বড়াইগ্রামে অন্যের লাইসেন্সে ব্যবসা করছেন কিভাবে? আর তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারাই বা কেন এতোদিন ব্যবস্থা নেননি?
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ব্যবসায়ী রফিকুল ইসলাম লাইসেন্স ভাড়া নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, আমি লাইসেন্স মালিককে নিয়মিত টাকা পরিশোধ করি। তাছাড়া ২০০৯ সালে যখন লাইসেন্সটি করা হয়েছিল, তখন লাইসেন্সের নাম ও দোকানের নাম একই রাখার বিষয়ে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না।
উপজেলা কৃষি কর্মকর্তা নিলীমা জাহান বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। সরেজমিনে তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৩৩ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর