সর্বশেষ সংবাদ :

দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ দেখতে চান সোহান

স্পোর্টস ডেস্ক: দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। গতকাল মঙ্গলবার ফেসবুকে এক পোস্টে এই উদ্বেগ প্রকাশ করেন তিনি।
সেই পোস্টে নিজের শহর খুলনার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ জানান তিনি। নুরুল হাসান সোহান লেখেন, ‘বাংলাদেশের মানুষের নিরাপত্তার চেয়ে বড় কোনো স্বার্থ, কোনো রাজনীতি কোনো ক্ষমতা হতে পারে না। আজ দেশের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বাড়ছে। বিশেষ করে আমার নিজ শহর খুলনার পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক যা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই।’
সোহানের মতে, নিরাপত্তা নিশ্চিত করাই রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব। পোস্টে আইনের শাসন নিশ্চিতে তিনি আরও লেখেন, ‘একজন বাংলাদেশি হিসেবে একজন ক্রীড়াবিদ হিসেবে আমি বিশ্বাস করি মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমরা সংঘাত চাই না প্রতিশোধ চাই না অস্থিরতা চাই না। আমরা চাই আইনের শাসন ন্যায়বিচার এবং প্রতিটি নাগরিকের নিরাপদে বেঁচে থাকার অধিকার।’
দেশের বাকি সব নাগরিকের মতো তিনিও জোরালো আহ্বান জানান কার্যকরি পদক্ষেপ নিতে। তার লেখনীতে, ‘সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান, কথায় নয়, এখনই কার্যকর পদক্ষেপ নিন। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করুন। খুলনাসহ দেশের প্রতিটি অঞ্চলে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনুন।’
সবশেষ নিরাপদ বাংলাদেশ চেয়ে পোস্টের একেবারে শেষে তিনি উল্লেখ করেন, ‘আজ সবচেয়ে বড় স্বপ্ন কোনো ব্যক্তিগত অর্জন নয় আজ সবচেয়ে বড় স্বপ্ন একটি নিরাপদ বাংলাদেশ। তিন সংস্করণে জাতীয় দলের হয়ে ৮৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন নুরুল হাসান। ৩ ফিফটিতে করেছেন ১৩৩৪ রান।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর