সর্বশেষ সংবাদ :

আইসিসি টেস্ট র‌্যাংকিং: সেরা দশে প্রথম আফগান রহমত শাহ

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক গড়লেন রহমত শাহ। প্রথম আফগান ব্যাটার হিসেবে আইসিসির পুরুষদের টেস্ট র‌্যাংকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন দেশটির টেস্ট ও ওয়ানডে অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ১৭৩ রানের দুর্দান্ত ইনিংস খেলার পুরস্কার পেয়েছেন তিনি। ব্যাটারদের র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন সপ্তম স্থানে রয়েছেন রহমত।
শারজায় দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭৩ রান করেন রহমত। তার এই ইনিংসে ম্যাচটি ড্র করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ক্যারিয়ারের সর্বোচ্চ রেটিং পয়েন্টও অর্জন করেছেন তিনি। এটি ছিল টেস্ট ক্রিকেটে রহমতের পঞ্চম সেঞ্চুরি, চলতি বছরে দ্বিতীয়।
সেরা দশে জায়গা করে নেওয়ার পথে ভারতের অধিনায়ক শুভমান গিল, দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে পেছনে ফেলেছেন রহমত। আইসিসির পুরুষদের টেস্ট খেলোয়াড়দের র‌্যাংকিংয়ের কোনো বিভাগেই এর আগে আফগানিস্তানের কোনো ক্রিকেটার সেরা দশে উঠতে পারেননি। এবার সেই ইতিহাস গড়লেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।
এর আগে চলতি মাসেই ওয়ানডে ক্রিকেটেও নতুন উচ্চতায় পৌঁছেছিল আফগানিস্তান। জিম্বাবুয়ে ও বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে শিরোপা জয়ের পর আইসিসির পুরুষদের ওয়ানডে দলীয় র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠেছিল তারা।
শারজায় আফগানিস্তানের বিপক্ষে টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটার ক্রেইগ আরভিনও। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ২০৬ রান করেন তিনি। এর সুবাদে টেস্ট ব্যাটারদের র‌্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠে এসেছেন আরভিন।


প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৬ | সময়: ৫:৩০ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর