, , ।
স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে রেকর্ড গড়ে র্যাঙ্কিংয়ে অবিশ্বাস্য উন্নতি করেছেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। এক লাফে এগিয়েছেন ১১৫ ধাপ। একই সঙ্গে বোলিংয়ে উন্নতি হয়েছে হাসান মাহমুদের। তবে ব্যক্তিগত সাফল্যের বিপরীতে দলীয় র্যাঙ্কিংয়ে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হেরে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে টাইগাররা।
ব্যক্তিগত অর্জনে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়, কিন্তু দলীয় ব্যর্থতার অন্ধকার কাটেনি বাংলাদেশের। সিলেটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-০ ব্যবধানে সফরকারীদের জয়ে। সিরিজের দ্বিতীয় টেস্ট ড্র হলেও প্রথম ম্যাচে ৮ উইকেটের জয় নিশ্চিত করে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা। দলের এমন পারফরম্যান্সের এই সিরিজেই ব্যাট হাতে নিজের সামর্থ্যের অনন্য স্বাক্ষর রেখেছেন হৃদয়।
সিলেট টেস্টে ব্যাট হাতে রীতিমতো ইতিহাস গড়েছেন বাংলাদেশের এই ব্যাটার। প্রথম ইনিংসে খেলেছেন অপরাজিত ২৪২ রানের দুর্দান্ত ইনিংস। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপ দিয়ে গড়েছেন জাতীয় রেকর্ড। দ্বিতীয় ইনিংসেও তার ব্যাট থেকে এসেছে ৮২ রান। দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে সিরিজে বাংলাদেশের বড় প্রাপ্তি হয়ে উঠেছেন তিনি।
হৃদয়ের এই অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে। বুধবার প্রকাশিত হালনাগাদ তালিকায় এক লাফে ১১৫ ধাপ এগিয়েছেন তিনি। আগে ১৭৫তম স্থানে থাকা হৃদয় উঠে এসেছেন ৬০তম অবস্থানে। বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এটি নিঃসন্দেহে বড় এক অর্জন। ব্যাটারদের পাশাপাশি বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৯০ রান খরচায় ৬ উইকেট শিকার করা পেসার হাসান মাহমুদ এগিয়েছেন ছয় ধাপ। বর্তমানে টেস্ট বোলারদের তালিকায় তার অবস্থান ৩২তম।
তবে ব্যক্তিগত সাফল্যের এই উজ্জ্বলতার মাঝেই বাংলাদেশের জন্য এসেছে বড় দুঃসংবাদ। টেস্ট দলের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ষষ্ঠ স্থান থেকে অষ্টম স্থানে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হারের পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে ড্রয়ের প্রভাবও পড়েছে র্যাঙ্কিংয়ে।
সর্বশেষ হালনাগাদে বাংলাদেশের রেটিং পয়েন্ট কমে দাড়িয়েছে ৭৩-এ। অন্যদিকে বাংলাদেশকে টপকে ৭৮ রেটিং পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশকে নিজেদের মাঠে সিরিজ হারের মাশুল দিতে হয়েছে র্যাঙ্কিংয়েও।