, , ।
স্পোর্টস ডেস্ক: আর্থিক সীমাবদ্ধতার কারণে বড় অঙ্কের অর্থ খরচ করে খেলোয়াড় কেনার সুযোগ নেই বার্সেলোনার। তাই শীতকালীন দলবদলে রক্ষণভাগ শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিচ্ছে কাতালান ক্লাবটি। এআইয়ের বিশ্লেষণে ছয়জন সেন্টারব্যাকের একটি তালিকা তৈরি করেছেন ক্রীড়া পরিচালক ডেকো। স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত জানিয়েছে, জানুয়ারিতে ধারে একজন সেন্টারব্যাক নিতে চায় বার্সেলোনা। খেলোয়াড়ের বেতনের জন্য ক্লাবটির বাজেট সর্বোচ্চ ৪০ লাখ ইউরো। এই সীমাবদ্ধতায় বড় অঙ্কের দলবদল ফি দিয়ে কাউকে আনা কঠিন।
তালিকার শীর্ষে আছেন ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইস। ২০ বছর বয়সী এই ফুটবলার জিরোনার হয়ে খেলার সুবাদে লা লিগায় খেলার অভিজ্ঞতা আছে তার। ছয় মাসের ধারে তাকে পাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে বার্সেলোনা। তালিকায় দ্বিতীয় স্থানে পিএসজির লুকাস বেরালদো। বাঁ পায়ের এই ডিফেন্ডার উঁচু রক্ষণসারি সামলাতে অভ্যস্ত। তবে সরাসরি ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে তাকে ধারে ছাড়তে পিএসজিকে রাজি করানো কঠিন হতে পারে। এ ছাড়া আর্সেনালের পিয়েরো হিনকাপিয়ে, চেলসির জোরেল হাতো, এসি মিলানের ফিকায়ো তোমোরি ও ম্যানচেস্টার ইউনাইটেডের লিসান্দ্রো মার্তিনেজও আছেন তালিকায়। হিনকাপিয়েকে কোচ হান্সি ফ্লিকের কৌশলের সঙ্গে সবচেয়ে মানানসই মনে করা হচ্ছে। তবে ২০৩১ সাল পর্যন্ত আর্সেনালের সঙ্গে চুক্তি থাকায় তাকে পাওয়া কঠিন। অন্যদিকে লিসান্দ্রো অভিজ্ঞতা ও নেতৃত্বের কারণে আকর্ষণীয় বিকল্প হলেও তার বেতন ও চোটের ইতিহাস ভাবাচ্ছে বার্সেলোনাকে।