সর্বশেষ সংবাদ :

ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই

স্টাফ রিপোর্টার: ভাষা আন্দোলনের অন্যতম বীর সেনানী প্রবীণ রাজনীতিবিদ মোশাররফ হোসেন আখুঞ্জি আর নেই। সোমবার দুপুর আড়াইটার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। পরিবারের সদস্যরা জানান, তাঁর কোনো জটিল রোগ ছিল না। বার্ধক্যজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
১৯৫২ সালের ভাষা আন্দোলনে রাজশাহীতে অগ্রণী ও সক্রিয় ভূমিকা পালন করেন মোশাররফ হোসেন আখুঞ্জি। মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠার সেই ঐতিহাসিক আন্দোলনে তাঁর অবদান রাজশাহীর ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী, স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মোশাররফ হোসেন আখুঞ্জির মরদেহ ঢাকা থেকে রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকার নিজ বাসভবনে আনার প্রক্রিয়া চলছে।
সোমবার রাতের মধ্যে তাঁর মরদেহ রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে। জানাজা ও দাফনের সময়সূচি পরবর্তী সময়ে পরিবারের পক্ষ থেকে জানানো হবে।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৫:০৫ পূর্বাহ্ণ | সুমন শেখ