সর্বশেষ সংবাদ :

আক্কেলপুরে শিয়ালের কামড়ে আহত ৬জন

আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে পাগলা শিয়ালের কামড়ে ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের মুখমণ্ডলে এবং অন্য পাঁচজনের পায়ে কামড় দিয়েছে শিয়ালটি। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্কের টিকা নিয়েছেন। পরে শিয়ালটি আরও কয়েকজনকে আক্রমণ করতে উদ্যত হলে এক ব্যক্তি সেটিকে জাপটে ধরেন। এ সময় গ্রামবাসীরা বাঁশ দিয়ে পিটিয়ে শিয়ালটিকে মেরে ফেলেন। সোমবার সকালে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন আওয়ালগাড়ী গ্রামের আফজাল হোসেন (৫৫), তছিরউদ্দিন (৫৫), আলেক উদ্দিন (৪০), আফজাল হোসেন (৫০), মুনসুর রহমান (৩৫) ও ভুট্টু হোসেন (৫৭)। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর গ্রামের লোকজন সড়কে হাঁটাহাঁটি করছিলেন। কেউ কেউ বসে গল্প করছিলেন। এ সময় ধানখেত থেকে একটি শিয়াল বের হয়ে প্রথমে আফজাল হোসেনের পায়ে কামড় দেয়। এরপর গ্রামের মোড়ে গিয়ে আরও পাঁচজনকে আক্রমণ করে। সেখানে বসে থাকা আলেক উদ্দিনের মুখমণ্ডলে কামড় দেয় শিয়ালটি। ছয়জনকে আহত করার পর শিয়ালটি মো. সাঈদ আলী ও তাঁর ছেলের দিকে তেড়ে যায়। এ সময় সাঈদ আলী শিয়ালটিকে জাপটে ধরেন। পরে গ্রামবাসীরা এসে বাঁশ দিয়ে পিটিয়ে সেটিকে মেরে ফেলেন।
সাঈদ আলী বলেন, ‘ছয়জনকে কামড়ানোর পর শিয়ালটি রুক্ষ চেহারায় আমাদের দিকে তেড়ে আসে। তখন আমি শিয়ালটিকে জাপটে ধরে ফেলি। এ সময় গ্রামের লোকজন এসে বাঁশ দিয়ে পিটিয়ে শিয়ালটিকে মেরে ফেলেন।’ আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি চিকিৎসক সুমন হোসেন বলেন, শিয়ালের কামড়ে আহত ব্যক্তিরা হাসপাতালে এসেছিলেন। তাঁদের বহির্বিভাগে গিয়ে জলাতঙ্কের টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। টিকাদানের দায়িত্বে থাকা জ্যেষ্ঠ স্টাফ নার্স নাজমিন আক্তার বলেন, আওয়ালগাড়ী গ্রামের ছয়জন শিয়ালের কামড়ে আহত হয়েছেন। তাঁদের মধ্যে আলেক উদ্দিনের মুখমণ্ডলে কামড় দিয়েছে। ছয়জনকেই জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৬ | সময়: ৫:০১ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর