, , ।
স্পোর্টস ডেস্ক: মিরপুর থেকে সিলেট দুই ম্যাচেই বাংলাদেশের ব্যাটারদের আতঙ্কের নাম ছিলেন প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান। একবার পাঁচ উইকেটসহ মোট ১৬ উইকেট নেওয়া এই বাঁহাতির হাতে উঠেছে সিরিজ সেরার পুরস্কার। আর সিলেট টেস্টে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরি করে তাওহিদ হৃদয় বাগিয়ে নিয়েছেন ম্যাচসেরার পুরস্কার। ঢাকা টেস্টে ক্যারিবিয়ান স্পিনারদের কাছে স্রেফ ধরাশায়ী হয়েছে বাংলাদেশ। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরা হন ৩৪ বছর বয়সী ওয়ারিকান। ওই ম্যাচের সেরা খেলোয়াড়ও ছিলেন তিনি।
ঢাকার সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা সিলেটেও ধরে রেখেছিলেন এই বাঁহাতি। এই টেস্টের দুই ইনিংসে তার শিকার ছিল ৭ উইকেট। এই সাত শিকারের পথে ম্যাচের চতুর্থ ইনিংসে ৮২ রান করা হৃদয়কে আউট করে সাদা পোশাকে উইকেটের সেঞ্চুরি করেন তিনি। তাতে অবশ্য এই টেস্ট জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত সময়ের আগে আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ায় ম্যাচ ড্র হয়েছে। ঢাকায় পাওয়া জয়ের সুবাদে দলটি সিরিজ জিতেছে ১-০ ব্যবধানে। অন্যদিকে ম্যাচসেরা হৃদয়ের জন্য দুই টেস্টের পারফরম্যান্স ছিল মুদ্রার এপিঠ আর ওপিঠ। প্রথম টেস্টে ঢাকায় দুই ইনিংসেই তার আউট হওয়ার ধরন নিয়ে হয়েছিল সমালোচনা। সিলেটে সব সমালোচনার জবাব ব্যাটে দিয়েছেন হৃদয়। প্রথম ইনিংসে ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসে করেছেন ৮২ রান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে একই ম্যাচে এক ইনিংসে ডাবল সেঞ্চুরি এবং অন্য ইনিংসে ফিফটি করলেন।
এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে ডাবল সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসান। তবে তাদের কারও একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করার কীর্তি নেই। একই সঙ্গে বাংলাদেশের হয়ে কোনো টেস্ট ম্যাচের দুই ইনিংস মিলিয়ে সর্বোচ্চ রান করার রেকর্ড তারই দখলে। দুই ইনিংস মিলিয়ে তার মোট রান ৩২৪। এর আগে, এই রেকর্ড ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে ২৮১ রান করেছিলেন। প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন তিনি।