, , ।
স্পোর্টস ডেস্ক: চলতি বছরের জুন থেকেই মাঠে বাইরে নাহিদ রানা। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া চোটের সঙ্গে এখনো লড়ছেন তিনি। এর মধ্যে এক চোট থেকে পুনর্বাসনের মধ্যে নতুন চোটেও পড়েছিলেন নাহিদ। বর্তমানে অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে আছেন তিনি। প্রধান নির্বাচক হাবিবুল বাশারের আশা আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত টি-টোয়েন্টি খেলতে পারবেন নাহিদ। জুনে চোটে পড়ার পর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ, সংযুক্ত আরব আমিরাতে টেস্ট, ত্রিদেশীয় সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজও মিস করেছেন নাহিদ। দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট সিরিজও খেলা হচ্ছে না তার।
অস্ট্রেলিয়ায় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকা নাহিদ ইতোমধ্যে নিজের ৯০ শতাংশ দিয়ে বোলিং করেছেন। দ্রুতই দেশে ফেরার ব্যাপারেও আশাবাদী তিনি। তবে তাড়াহুড়ো করে তাকে মাঠে নামাতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টেস্ট সিরিজে খেলা নিশ্চিতভাবেই হচ্ছে না নাহিদের। ওয়ানডে সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনা কম, তবে টি-টোয়েন্টিতে ফেরানোর আশা করছে বোর্ড। নাহিদের সঙ্গে সর্বশেষ কথা হয়েছে বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের। অস্ট্রেলিয়া থেকে ফোন করে নিজের অগ্রগতির কথা জানিয়েছেন এই পেসার। সবকিছু ঠিক থাকলে ১৫ নভেম্বর দেশে ফিরতে পারেন তিনি। নিজের শারীরিক অবস্থা নিয়েও আত্মবিশ্বাসী নাহিদ। তবে বোর্ডের পরিকল্পনা, পুনর্বাসনের নির্ধারিত ধাপ শেষ করেই তাকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরানো। এ প্রসঙ্গে রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘নাহিদের সঙ্গে গতকাল আমার কথা হয়েছে। সে অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিল। দ্রুত ফেরার ব্যাপারে বেশ আশাবাদী। সেখানে ইতোমধ্যে ৯০ শতাংশ বোলিং করেছে। সম্ভবত ১৫ তারিখে দেশে ফিরবে। সে নিজেও মনে করছে, এখনই খেলার মতো অবস্থায় আছে। তবে যেহেতু চোটের মধ্যে দিয়ে গেছে, তাই আমরা নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই তাকে ফেরাতে চাই। কোনো তাড়াহুড়ো করতে চাই না।’
টেস্ট সিরিজে নাহিদকে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়ানডে সিরিজেও তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না টিম ম্যানেজমেন্ট। যদিও বর্তমান অগ্রগতি বিবেচনায় ওয়ানডেতে খেলানোর সুযোগ একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সেই ঝুঁকি নেওয়া হবে কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে চায় বোর্ড। প্রধান নির্বাচক আরও বলেন, ‘টেস্টে সে নিশ্চিতভাবেই খেলতে পারবে না। ওয়ানডেতেও সম্ভবত তাকে পাব না। বর্তমান অবস্থা ও যে রিপোর্ট পাচ্ছি, তাতে ওয়ানডেতে হয়তো ঝুঁকি নেওয়ার সুযোগ আছে। কিন্তু সেই ঝুঁকি নেওয়া ঠিক হবে কি না, সেটাই বড় প্রশ্ন। তবে আমার মনে হয়, টি-টোয়েন্টি সিরিজের জন্য সে ঠিক হয়ে যাবে।’ আগামী ১১ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ১লা ডিসেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ, পরের দুই ম্যাচ ৪ ও ৭ ডিসেম্বর। এরপর টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ ডিসেম্বর। ১২ ও ১৩ ডিসেম্বর মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ম্যাচ।