, , ।
স্টাফ রিপোর্টার, বাঘা :
রাজশাহীর বাঘা উপজেলার ঐতিহাসিক শাহী দিঘিতে গোসল করতে নেমে এক অজ্ঞাতপরিচয় প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। তিনি বেশ কিছুদিন ধরে মাজার এলাকায় ঘোরাফেরা করছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
বাঘা মাজার শরিফের খাদেমের ছোট ভাই মাসুদ রানা জানান,আজ সোমবার সন্ধ্যার আগে আনুমানিক ৪৫ বছর বয়সী ওই নারী দিঘিতে গোসল করতে নামেন।
কয়েকবার ডুব দেওয়ার পর মুহূর্তের মধ্যেই তিনি পানিতে নিখোঁজ হয়ে যান। তাঁর হাতে একটি লাঠি ছিল, যা তিনি গোসলের স্থানে পানির মধ্যে পুঁতে রেখেছিলেন।
এদিকে, কিছুক্ষণ পর প্রত্যক্ষদর্শীদের সন্দেহ হলে লায়েব উদ্দিন নামে এক যুবক দিঘিতে নামেন। পরে তিনি অচেতন অবস্থায় ওই নারীকে পানি থেকে উদ্ধার করে দিঘির পাড়ে নিয়ে আসেন। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, তাঁদের ধারণা, ওই নারীর বাড়ি কুষ্টিয়া অথবা যশোর এলাকায় হতে পারে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল হক জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
নুরুজ্জামান /শামি