, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে অনলাইন জুয়া ও বেটিংয়ে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন ও একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের মুঠোফোনে অনলাইন জুয়ার সাতটি ব্যবহারকারী হিসাব ও পাঁচটি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।
বৃহস্পতিবার ভোর চারটার দিকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) দামকুড়া থানার একটি দল শিতলাই এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজন- হলেন শিতলাই গোবিন্দপুর গ্রামের আমান উল্লাহ আমান (২৭) ও সাকিবুল ইসলাম (২৬)।
অভিযানের সময় একজন পালিয়ে গেছেন। তার নাম মাসুম (৩৫)। তিনিও একই গ্রামের বাসিন্দা। শুক্রবার আরএমপির মিডিয়া শাখার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, আমানের কাছ থেকে তিনটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। এসব মুঠোফোনে সাতটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত দুটি নম্বর, অনলাইন জুয়া ও বেটিংয়ের চারটি ব্যবহারকারী হিসাব এবং দুটি অ্যাপ পাওয়া যায়।
অন্যদিকে সাকিবুলের কাছ থেকে একটি স্মার্টফোন জব্দ করা হয়। এতে দুটি সিম কার্ড, বিকাশ ও নগদ হিসাবের সঙ্গে যুক্ত তিনটি নম্বর, অনলাইন জুয়ার তিনটি ব্যবহারকারী হিসাব ও তিনটি অ্যাপ পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, পলাতক মাসুমের সঙ্গে তাঁরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করে অনলাইনে জুয়া খেলতেন। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে দামকুড়া থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক মাসুমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।