, , ।
স্পোর্টস ডেস্ক: চার মৌসুম আগেও ইতালির দ্বিতীয় বিভাগ সিরি-বি’তে খেলত কোমো। আর সেই দলটাই কি না বুধবার দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসাল!
ফ্রান্সের লঁসের মাঠে স্বাগতিকদের ৯-১ গোলে উড়িয়ে দিয়ে বায়ার্ন মিউনিখের পাশে নাম লিখিয়েছে ইতালির ক্লাবটি। ২০২৪ সালে দিনামো জাগরেবের বিপক্ষে ৯-২ গোলের জয় পেয়েছিল বায়ার্ন। তবে প্রতিপক্ষের মাঠে ৯ গোলের জয় চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ ব্যবধানের অ্যাওয়ে জয়।
শুধু তাই নয়, চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আট গোলের ব্যবধানে জেতা তৃতীয় দলও কোমো। এর আগে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে যথাক্রমে বেসিকতাস ও মালমোর বিপক্ষে ৮-০ গোলের জয় পেয়েছিল। ইউরোপিয়ান কাপের ইতিহাসে অবশ্য এক ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড ফেইনুর্দের। ১৯৬৯ সালে আইসল্যান্ডের ক্লাব কেআরকে ১২-২ গোলে হারিয়েছিল তারা।
ম্যাচের শুরু থেকেই লঁসকে চাপে রাখে কোমো। সপ্তম মিনিটে তাসোস দুভিকাসের গোলে এগিয়ে যায় সফরকারীরা। বিরতির পাঁচ মিনিট আগে ব্যবধান বাড়ান নিকো পাজ। দ্বিতীয়ার্ধের শুরুতেই অধিনায়ক লুকাস দা কুনহা করেন চতুর্থ গোল। এরপর ৫৩ মিনিটে মার্ক-অলিভার কেম্ফের হেডে ব্যবধান হয় ৫-০।
এরপর দুভিকাস নিজের দ্বিতীয় গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৬২ মিনিটে বদলি খেলোয়াড় মাত্তিয়া লিবেরালির গোলে ব্যবধান দাঁড়ায় ৭-০। লঁসের হয়ে রুবেন আগিলার একটি গোল শোধ করলেও কোমোর গোলের ক্ষুধা কমেনি। মার্তিন বাতুরিনার গোলে স্কোরলাইন হয় ৮-১।
যোগ করা সময়ে ১৮ বছর বয়সী মাত্তেও পাপাচ্চিওলি করেন নবম গোল। অফসাইডের কারণে প্রথমে গোলটি বাতিল হলেও ভিএআর পর্যালোচনায় তা বৈধতা পায়। এই জয়ে কোমোর ইউরোপীয় অভিযানও নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথমবারের মতো ইউরোপের প্রতিযোগিতায় খেলতে নেমে চার ম্যাচে ১৯ গোল করেছে তারা। ইউরোপীয় প্রতিযোগিতায় কোনো দলের প্রথম চার ম্যাচে এর চেয়ে বেশি গোল নেই। ১৯৭৬-৭৭ মৌসুমে উয়েফা কাপে প্রথম চার ম্যাচে ১৯ গোল করেছিল কুইন্স পার্ক রেঞ্জার্স।
ক্লাবটির উত্থানও কম বিস্ময়কর নয়। ২০১৮-১৯ মৌসুমেও ইতালির চতুর্থ স্তরের লিগ সিরি ডিতে খেলেছে তারা। এরপর ইন্দোনেশিয়ার ধনকুবের রবার্ট বুদি হার্তোনো ও মাইকেল বামবাং হার্তোনোর মালিকানাধীন প্রতিষ্ঠানের অধিগ্রহণে বদলে যায় ক্লাবটির গতিপথ। আর কোচ হিসেবে ফাব্রেগাসের অধীনে সেই অগ্রযাত্রা এখন ইউরোপের মঞ্চেও নজর কাড়ছে।