সর্বশেষ সংবাদ :

তাইজুলের অফফর্ম নিয়ে দুশ্চিন্তায় দল

স্পোর্টস ডেস্ক: ঢাকা টেস্টের ব্যর্থতাকে পেছনে ফেলে আজ সিলেট টেস্টে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ম্যাচের আগের দিন দলের সর্বশেষ অবস্থা জানাতে সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ কোচ ফিল সিমন্স। সেখানে লিটন দাসের শারিরীক অবস্থা, উইকেট এবং তাইজুলের অফফর্মসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন টাইগার হেড কোচ।
লিটন দাসকে নিয়ে প্রথম ম্যাচে চোটের শঙ্কা ছিল বেশ। ওই ম্যাচে ব্যাটিংয়ের সময়ও ব্যথা পেয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ম্যাচের আগের দিন ব্যাটিং অনুশীলনও করেননি তিনি। ফলে তার শারিরীক অবস্থা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছে। তবে শঙ্কা উড়িয়ে দিলেন কোচ। ম্যাচের আগে এভাবেই লিটন অনুশীলন করেন বলে জানান তিনি।
সিমন্সের ভাষায়, ‘সে (লিটন) গতকাল অনুশীলন করেনি। সে একটু ফিল্ডিং করেছে এবং এরপর চলে গিয়েছে। ম্যাচের আগের দিন সে এমনটাই করে। ভিন্ন কিছু হয়নি। সে ফিল্ডিং ড্রিল করেছে এবং এরপর বিশ্রাম নিয়েছে। ম্যাচের আগে এটাই তার প্রস্তুতি।’
বাংলাদেশের জার্সিতে সর্বশেষ ৩ টেস্টে কেবল ৪ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। অভিজ্ঞ স্পিনারের এমন অফফর্ম দলের জন্য কতটা চিন্তার কারণ, এমন প্রশ্নের উত্তরে কোচের উত্তর, ‘এটা দুশ্চিন্তার ব্যাপার, কারণ সে দলের অন্যতম প্রধান স্পিনার। আমি নিশ্চিত, এটা তাকেও দুশ্চিন্তায় ভোগাচ্ছে। এটা তার এবং দলের জন্য দুশ্চিন্তার। কারণ সে আমাদের অন্যতম প্রধান অস্ত্র।’
উইকেট নিয়ে সিমন্সের অ্যাসেসমেন্ট, ‘আমরা যখন পাকিস্তানের বিপক্ষে খেলতে এখানে এসেছিলাম, উইকেট তখনও এমনই ছিল। পুরো স্কয়ারটা ভালো লাগছে, উইকেটও ভালো লাগছে, একইরকম লাগছে (পাকিস্তান সিরিজের উইকেটের মতো)। আগামীকাল যখন খেলতে আসব, তখন চূড়ান্ত অবস্থাটা বুঝতে পারব।’


প্রকাশিত: November 5, 2026 | সময়: 5:33 am | সুমন শেখ

আরও খবর