, , ।
জুবায়ের তুহিন, রাজশাহী:
রাজশাহীর দুর্গাপুরে বাজার ব্যবস্থা সুরক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক মূল্য নির্ধারণ এবং সড়ক দুর্ঘটনা ও তীব্র যানজট নিরসনে বিশেষ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১০টায় দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে চলাচলের রাস্তায় অবৈধভাবে ইট-বালু রেখে বাধা সৃষ্টি করা, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো এবং ব্রিজের ওপর অহেতুক যানবাহন পার্কিং করে যানজট তৈরি করার অপরাধে তিনজনকে জরিমানা করা হয়। পাশাপাশি আইন অমান্যকারীদের সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা জানান, “জনকল্যাণ ও বাজারের সঠিক ব্যবস্থাপনা বজায় রাখতে পণ্যের দাম যাচাই-বাছাইসহ যানজট নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, দুর্গাপুর উপজেলায় সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার হাট বসে। হাটের দিনগুলোতে সাধারণ মানুষের সমাগম বেশি থাকায় এবং কেনাকাটার সুবিধার্থে এই বিশেষ তদারকি কার্যক্রম জোরদার করা হয়েছে।
তুহিন /শাহজাদা