সর্বশেষ সংবাদ :

খেলা পরিচালনাতেও নারী রেফারী: বড়াইগ্রামে নারী ফুটবল ম্যাচ দেখতে হাজার হাজার দর্শকের ভীড়

অহিদুল হক, বড়াইগ্রাম (নাটোর): ‘মাদক ছাড়ো, খেলা ধরো, মাদকমুক্ত জীবন গড়ো’ প্রতিপাদ্যে নাটোরের বড়াইগ্রামে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে আকর্ষণী প্রমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটায় উপজেলার বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বড়াইগ্রাম পৌরসভা ও বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠিত হয় নারী ফুটবল ম্যাচটি। বিপুল সংখ্যক নারীসহ কমপক্ষে ৭ থেকে ৮ হাজার দর্শকদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
ম্যাচে মুখোমুখি হয় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাদশ বনাম বগুড়ার গাবতলী প্রমিলা ফুটবল একাদশ। খেলায় খাগড়াছড়ি প্রমিলা ফুটবল একাদশ ৩-১ গোলে গাবতলী প্রমিলা ফুটবল একাদশকে পরাজিত করেছে। পুরো খেলাটি পরিচালনা করেছেন নারী রেফারী আইভী আক্তার (ঢাকা) এবং লতা খাতুন (নওগাঁ) ও সোনিয়া আক্তার (নওগাঁ)। খেলার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও লায়লা জান্নাতুল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি মো: শফীউল হাসান তীতু। এ সময় অন্যান্যের মধ্যে সাবেক মেয়র ইসাহাক আলী, বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আফসার আলী, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমান আলী, সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোবারক হোসেন টিপু ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তায়েদুল হক বুলু, বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল, খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শিপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক মাসুম রেজা উপস্থিত ছিলেন। খেলা দেখার জন্য মাঠের চারপাশ ছাড়াও বিদ্যালয় ভবন ও পাশের হাসপাতালের বিভিন্ন ভবনের ছাদ, মাঠের সীমানা প্রাচীর ও বিভিন্ন গাছে উঠে দর্শকদের খেলা উপভোগ করতে দেখা গেছে।
জোনাইলের কুচগাড়ি থেকে খেলা দেখতে আসা সাবেক প্রধান শিক্ষক মজনু মোহাম্মদ ইসহাক আলী উচ্ছাস প্রকাশ করে বলেন, আমাদের মতো মফস্বল এলাকায় এতো সুন্দর ফুটবল টুর্নামেন্টের আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার। খেলোয়াড়দের চমৎকার ক্রীড়া নৈপুণ্য এবং হাজার হাজার দর্শকের মুহুর্মূহু করতালিতে পুরো আয়োজনটি দারুণ উপভোগ্য ছিল।
বড়াইগ্রাম খেলোয়াড় কল্যাণ সংস্থার সভাপতি শফীউল হাসান তীতু বলেন, আজকের দর্শক সমাগম আমাদের দারুণ উৎসাহিত করেছে। আমরা ফুটবলকে এগিয়ে নিতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজনের চেষ্টা করছি।
সংস্থার সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শিপন বলেন, ‘খেলা দেখতে মাঠে হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। ফুটবলে এমন আগ্রহ সত্যিই আনন্দের বিষয়।’


প্রকাশিত: November 4, 2026 | সময়: 7:26 am | সুমন শেখ