, , ।
বড়াইগ্রাম প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিবাদমান জমি থেকে আম গাছ, বাঁশ ও রোপন করা ফসল কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরেুদ্ধে। মঙ্গলবার ও সোমবার উপজেলার বড়াইগ্রাম ইউনিয়নের বাজিতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী কৃষকরা হলেন, বাজিতপুর গ্রামের আব্দুস সোবহান, আশরাফুল ইসলাম, মহসিন আলম ও আব্দুল জব্বার। তারা সবাই বাসিন্দা।
ক্ষতিগ্রস্থ আব্দুস সোবহান বলেন, বাজিতপুর মৌজায় আমরা প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি নামজারি ও খাজনা পরিশোধ করে ভোগ দখল করে আসছি। দীর্ঘদিন যাবৎ আমরা ওই জমিতে আম গাছ, বাঁশ বাগান ও বিভিন্ন ধরনের ফসল চাষ করে আসছি। সম্প্রতি প্রতিবেশী রফিকুল ইসলাম ও জাকিরুল ইসলামসহ তাদের স্বজনেরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে ওই জমি তাদের বলে দাবী করে। পরে তারা সেই জমির বাঁশ ও বিভিন্ন গাছপালা ও জমির ফসল কেটে নেয়। এ ব্যাপারে আমরা মামলা করলে আদালত প্রতিপক্ষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রদান করে। কিন্তু তারা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেই জমি দখল করে বাঁশ ও বিভিন্ন গাছপালা কেটে নিচ্ছে। তাতে বাধা দিতে গেলে তারা আমাদেরকে পিটিয়ে হত্যার হুমকি দেয়।
ভূক্তভোগী মহসিন আলম বলেন, আমাদের বৈধ জমিতে তারা এভাবে অত্যাচার করছে। আমরা এই ঘটনার বিচার দাবী করছি। এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত রফিকুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এসব বিষয়ে আমরা কিছুই জানি না।
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞা অনুযায়ী পুলিশ তা বাস্তবায়ন করার জন্য তাদেরকে নিষেধ করে আসছে। যেহেতু আদালতের নিষেধাজ্ঞা তারা মানেনি, তাই ক্ষতিগ্রস্থ পক্ষকে বিষয়টি আদালতের নজরে আনার জন্য বলেছি।