, , ।
আক্কেলপুর প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা কৃষি কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে তাঁর পরিচয়ে সার ডিলারদের কাছে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র। উপজেলা কৃষি কার্যালয়ের সার ডিলারদের তালিকা সংগ্রহ করে চক্রটি বিভিন্ন ডিলারকে ফোন দিয়ে টাকা চাইছে। বিষয়টি জানার পর সার ডিলারসহ সংশ্লিষ্টদের সতর্ক করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে আক্কেলপুর উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আকতারুজ্জামানকে ফোন করেন এক ব্যক্তি। নিজেকে জয়পুরহাট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে তিনি আক্কেলপুর উপজেলার সকল সার ডিলারের তালিকা জরুরি ভিত্তিতে চান। ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে আকতারুজ্জামান তাঁর হোয়াটসঅ্যাপে তালিকাটি পাঠিয়ে দেন। পরে ট্রু কলার অ্যাপে ওই নম্বরের পরিচয় ‘ভুয়া ম্যাজিস্ট্রেট দিনাজপুর’ লেখা দেখে তাঁর সন্দেহ হয়। তখন তিনি বুঝতে পারেন, প্রতারণার ফাঁদে পড়েছেন। বিষয়টি তাৎক্ষণিক উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহাকে জানান তিনি।
ডিলারদের তালিকা পাওয়ার পর প্রতারক চক্রটি উপজেলা কৃষি কর্মকর্তার মোবাইল নম্বর ক্লোন করে তাঁর পরিচয়ে বিভিন্ন সার ডিলারদের মুঠোফোনে কল দিতে শুরু করে। জামালগঞ্জ বাজারের সার ডিলার মোস্তাফিজার রহমানকে ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার প্রলোভন দেখানো হয়। এ ছাড়া আক্কেলপুর শহরের সার ডিলার বজলুর রশিদ মন্টু কবিরাজের কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়।
জামালগঞ্জ বাজারের এন ইসলাম সন্সের স্বত্বাধিকারী সার ডিলার মোস্তাফিজার রহমান বলেন, তাঁর মোবাইল ফোনে কল আসার সময় আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তার নাম ভেসে ওঠে। ফোন রিসিভ করলে অপর প্রান্তের ব্যক্তি তাঁকে ২০০ বস্তা ইউরিয়া সার দেওয়ার কথা বলেন। এ জন্য একটি নম্বর দিয়ে সেখানে যোগাযোগ করতে বলেন। তবে কথাবার্তায় সন্দেহ হওয়ায় তিনি উপজেলা কৃষি কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানান। পরে জানতে পারেন, ফোনকারী প্রতারক চক্রের সদস্য।
সার ডিলার বজলুর রশিদ মন্টু কবিরাজ বলেন, দুপুরে ০১৭৬৭-৩৫৪৬৭৫ নম্বর থেকে তাঁর মোবাইল ফোনে কল আসে। অপর প্রান্তের ব্যক্তি নিজেকে উপজেলা কৃষি কর্মকর্তা পরিচয় দিয়ে বলেন, তাঁর গাড়ি হঠাৎ নষ্ট হয়ে গেছে। জরুরি ভিত্তিতে ২০ হাজার টাকা প্রয়োজন। দ্রুত টাকা পাঠাতে হবে। এ সময় ওই ব্যক্তি আরও বলেন, ‘আপনার মোবাইলে তো আমার নম্বর সেভ করা থাকার কথা।’ পরে টাকা পাঠানোর কথা বলে তিনি ফোনটি রেখে দেন। বিষয়টি তিনি উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহাকে জানিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার সাহা বলেন, মঙ্গলবার দুপুরে তাঁর মোবাইল নম্বর ক্লোন করে প্রতারক চক্রটি বিভিন্ন সার ডিলারের কাছে টাকা দাবি করছিল। বিষয়টি জানার পর সার ডিলারদের সতর্ক করা হয়েছে। কৃষি কর্মকর্তা বা অন্য কোনো সরকারি কর্মকর্তার পরিচয়ে কেউ ফোন করে টাকা চাইলে পরিচয় যাচাই না করে কাউকে টাকা না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।