সর্বশেষ সংবাদ :

সংযোগ থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ: ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তর

সাইফুল ইসলাম, গোদাগাড়ী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ থাকলেও প্রায় ১মাস থেকে বেশির ভাগ বিদ্যালয়ে সম্পূর্ণ অচল হয়ে আছে। ইন্টারনেট সেবার সরঞ্জামসহ সংযোগ থাকলেও ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। এতে শিক্ষকদের হাজিরা, দাপ্তরিক যোগাযোগসহ অনলাইন ভিত্তিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। শিক্ষকরা বলছেন নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ পুনর্বহাল করা জরুরি, অন্যথায় ব্যাহত হবে প্রাথমিক শিক্ষার ডিজিটাল রূপান্তর।
শিক্ষক ও কর্মকর্তা সূত্রে জানা যায়, ২০২৫ সালের বিভিন্ন সময়ে গ্রামীন টেলিকম ও রাজশাহীর এশিয়া প্যাসিফিক কমিনিকেশন লিমিটেডের (এপিসি) নামক একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান উপজেলার ১৬৫টি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার কাজ শুরু করে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি)-১ম সংশোধিত প্রকল্পের আওতায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে উচ্চগতির মাসিক ১২শ টাকায় (২০এমবিপিএস) ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছিল। সংযোগ দেওয়ার পর কিছুদিন স্বাভাবিকভাবে চললেও বর্তমানে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে বলে জানান বিদ্যালয়ের শিক্ষকরা।
ফলে বিদ্যালয়গুলোর অনলাইন দাপ্তরিক যোগাযোগসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে শিক্ষকরা নিজ নিজ মোবাইলের ডাটা ব্যবহার আবার কোনো কোনো বিদ্যালয় বাড়তি টাকা খরচ করে স্থানীয়ভাবে রাউডার বসিয়ে ইন্টারনেট সংযোগ নিয়ে কাজ চালাচ্ছে।
মহিশালবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ বলেন, ইন্টারনেট সেবা চালুর পর দাপ্তরিক কাজের গতি অনেক বেড়েছিল। কিন্তু গত ১৫দিন ধরে সংযোগ থাকলেও কোনো কাজ করা যাচ্ছে না। অভিযোগ দিয়েও কাজ হচ্ছে না। তিনি বলেন, প্রতিদিন বিদ্যালয়ের নেট ভিত্তিক বিভিন্ন দাপ্তরিক তথ্য আদান-প্রদান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা গ্রহণ, প্রশাসনিক কার্যক্রম এবং শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ইন্টারনেটের প্রয়োজন হয়। এসব তথ্য হোয়াটসঅ্যাপের মাধ্যমে হাজিরা পাঠানোর প্রয়োজন হলেও বিদ্যালয়ের ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যক্তিগত মোবাইল ডাটা ব্যবহার করে সে কার্যক্রম চালাতে হচ্ছে।
শেখের পাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন বলেন, ২০২৫ সালে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে ইন্টারনেট সংযোগ দেওয়ার পর বিদ্যালয়ের বিভিন্ন অফিসিয়াল কাজ সহজ ও দ্রুত হচ্ছিল। কিন্তুসংযোগ দেওয়ার পর কিছু দিন সার্ভিস ভালো ছিল কিন্তু ধীর গতির ইন্টারনেট বেশির ভাগ সময় সংযোগ বিচ্ছিন্ন থাকায় ইন্টারনেট সুবিধা পাওয়া যাচ্ছে না। ফলে বিদ্যালয়ের নেটভিত্তিক কার্যক্রম চালাতে মারাত্মক অসুবিধা হচ্ছে।
একই অভিযোগ করেছেন গোদাগাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলিপুর, ঘনশ্যামপুর, শেখেরপাড়া, সারেংপুর, হরিণবিস্কা ও সুলতানগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা।
এ বিষয়ে প্রকল্পের সঙ্গে যুক্ত প্রযুক্তি প্রতিষ্ঠান এশিয়া প্যাসিফিক কমিনিকেশন লিমিটেডের নেটওয়ার্ক অপারেশন ম্যানেজার রাকিবুল ইসলাম বলেন, কেবল চুরি ও সার্ভারে সমস্যার কারণে কিছু জটিলতা তৈরি হয়েছে। সমাধানের চেষ্টা চলছে। তবে একেবারে বন্ধ এমন দাবি সঠিক নয়।
গোদাগাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুন মুন সুলতানা বলেন, বিভিন্ন স্কুল থেকে ইন্টারনেট সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে তাঁরা আগামী কয়েক দিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরও বলেন, ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্প (ইডিসি) এর আওতায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৮৯ টি ইন্টারনেট সংযোগ এক মাস থেকে কারিগরি ত্রুটি রয়েছে। বাকি ৭৫ টি গ্রামীন সংযোগ সচল রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান জানান, গোদাগাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেট সংযোগে কারিগরি ত্রুটির অভিযোগ পেয়েছি। সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে বলে তিনি আশা করছেন।


প্রকাশিত: November 1, 2026 | সময়: 6:58 am | সুমন শেখ

আরও খবর